রবিউল এহ্সান রিপন
জানুয়ারি ২২, ২০২৬, ০১:৫০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই প্রচারণা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। প্রতীক বরাদ্দের পরদিন থেকেই দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে নামেন প্রার্থীর ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন।
উদ্বোধনের পর মির্জা ফয়সল আমিন নেতাকর্মী ও বন্ধুদের সাথে নিয়ে শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন। এ সময় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
প্রচারণাকালে সাংবাদিকদের মির্জা ফয়সল আমিন বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিকল্প নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দেশের মানুষের আস্থার প্রতীক। আমরা বিশ্বাস করি, ঠাকুরগাঁও-১ আসনের মানুষ উন্নয়নের ধারা বজায় রাখতে এবং স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে আবারও গণতন্ত্রের পক্ষে রায় দেবেন।
প্রচারণা চলাকালে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। জেলা বিএনপি নেতারা জানিয়েছেন, সদর আসনের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে এই গণসংযোগ কার্যক্রম আরও জোরদার করা হবে।