শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী প্রচার শুরু

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২২, ২০২৬, ০১:৫৭ পিএম

হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী প্রচার শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার সকালে এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে দলটির মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম এই কর্মসূচির সূচনা করেন। 

কবর জিয়ারত শেষে তিনি নেতাকর্মীদের নিয়ে ওই এলাকায় সংক্ষিপ্ত গণসংযোগ করেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থান—সবকিছুর কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার কারণেই এই ঐতিহাসিক স্থান থেকে এনসিপির নির্বাচনী যাত্রা শুরু করা হয়েছে বলে জানান দলটির নেতারা।

প্রচারণা শুরুর প্রাক্কালে নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয় বরং এটি একটি আধিপত্যবিরোধী লড়াই। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং নতুন কোনো মাফিয়াতন্ত্র যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সেজন্য ১০ দলীয় ঐক্যজোটকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। 

তিনি উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই তারা ভোটের মাঠে নেমেছেন। সাধারণ মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারে, সেটিই এনসিপির মূল লক্ষ্য।নাহিদ ইসলাম আরও জানান যে, ১০ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থীদের জয়যুক্ত করতে হবে। 

এনসিপির প্রচার বিভাগ জানিয়েছে, আজ থেকে রাজধানীসহ সারাদেশের প্রতিটি নির্বাচনী এলাকায় তাদের প্রার্থীরা লিফলেট বিতরণ ও পথসভার মাধ্যমে ভোটারদের দ্বারে দ্বারে যাবেন। নতুন রাজনৈতিক দল হিসেবে স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতি উপহার দেওয়ার অঙ্গীকার করেন নাহিদ ইসলাম।