বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

শাহবাগে ঐক্যবদ্ধ ছাত্র সংসদের গণজমায়েত আজ দুপুরে

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:০০ পিএম

শাহবাগে ঐক্যবদ্ধ ছাত্র সংসদের গণজমায়েত আজ দুপুরে

রাষ্ট্রকাঠামো সংস্কার এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক জনমত তৈরির উদ্যোগ নিয়েছে দেশের পাঁচটি প্রধান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় রাজধানীর শাহবাগে শহীদ ওসমান হাদি চত্বরে এক বিশাল গণজমায়েতের ডাক দিয়েছে ঐক্যবদ্ধ ছাত্র সংসদ। 

এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাকসু) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জকসু)-র নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা অংশ নেবেন। 

ডাকসু জিএস এসএম ফরহাদ এক বিবৃতিতে জানিয়েছেন যে ছাত্র সমাজের এই ঐক্যবদ্ধ অবস্থান নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইকে আরও বেগবান করবে।ছাত্র প্রতিনিধিদের মতে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়া মানেই হলো দেশের শাসনতান্ত্রিক ও প্রশাসনিক কাঠামোতে আমূল পরিবর্তনের পথ প্রশস্ত করা। 

জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই এই গণজমায়েতের আয়োজন করা হয়েছে। শাহবাগের এই জমায়েত থেকে গণভোটের প্রচারণাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার নতুন কৌশল ঘোষণা করা হতে পারে।

 

ছাত্র নেতারা মনে করেন রাষ্ট্র সংস্কারের যে দাবি রাজপথের আন্দোলনের মাধ্যমে উঠেছে তা ব্যালট পেপারের মাধ্যমে চূড়ান্ত করার সময় এসেছে। আজকের এই সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি আশা করা হচ্ছে। সমাবেশটি সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট ছাত্র সংসদগুলো।