শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

আমরা ২৪-কেও ভুলব না, ৭১-কেও ভুলব না: মির্জা ফখরুল

রবিউল এহ্সান রিপন

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:৩৫ পিএম

আমরা ২৪-কেও ভুলব না, ৭১-কেও ভুলব না: মির্জা ফখরুল

ছবি-দিনাজপুর টিভি

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "আমরা চব্বিশের বিপ্লবকে যেমন ভুলব না, তেমনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধকেও ভুলব না। আমরা যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি একটি স্বাধীন, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য।বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর আসনের ফাড়াবাড়ি স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ও রাজনৈতিক ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, এখন জামায়াতে ইসলামী খুব কথা বলছে। তারা ৭১ সালে পাকিস্তানের হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল, যার ফলে আমাদের পালিয়ে যেতে হয়েছিল। তাই ইতিহাস ভুলে যাওয়া চলবে না।" তিনি আরও যোগ করেন, বর্তমান সরকার নিরপেক্ষ, ভোট হবে স্বচ্ছ। ভোটাররা যাকে খুশি তাকেই ভোট দেবেন।

সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে মির্জা ফখরুল বলেন, "আপনাদের মনে ভয় কাজ করে, কিন্তু ভয় করবেন না। আপনিও এ দেশের নাগরিক, আমিও এ দেশের নাগরিক। আপনাদের সুরক্ষার দায়িত্ব আমাদের সবার, রাষ্ট্রের। এটা আপনাদের দেশ, আপনাদের মাটি।

উন্নয়ন পরিকল্পনা নিয়ে তিনি বলেন, আমরা কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে চাই। যুবকদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে পাঠানোর ব্যবস্থা করব। ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল কলেজ প্রতিষ্ঠার কাজ শুরু করব। তবে এর আগে মানুষের আয় বাড়ানো এবং তথ্য-প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলাকে অগ্রাধিকার দেওয়া হবে।

নিজের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, "আমি আপনাদের পুরনো মানুষ, পরীক্ষিত মানুষ। এটিই আমার জীবনের শেষ নির্বাচন। আপনাদের ভোট আমানত, আমি এর খেয়ানত করব না। সততার সাথে কাজ করেছি, ভবিষ্যতেও কাজ করার সুযোগ চাই।