ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০২:৫১ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান একটি আধুনিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা জানিয়েছেন। রোববার দুপুরে রাজধানীর বিআইএসএস সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ সেমিনারে তিনি বলেন যে আমরা অন্য রকম একটা দেশ গড়তে চাই যেখানে প্রতিটি মানুষের মেধা ও যোগ্যতার মূল্যায়ন হবে।
এই লক্ষ্য অর্জনে আমাদের প্রচলিত চিন্তাধারায় আমূল পরিবর্তন আনতে হবে উল্লেখ করে তিনি বলেন যে রাজনৈতিক দলগুলোকে নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়নের বিষয়ে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাইমা রহমানের এই বক্তব্য দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।
সেমিনারে জাইমা রহমান রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি যুক্তি দেন যে নীতিনির্ধারণী পর্যায়ে যদি নারীদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব না থাকে তবে নারীবান্ধব পলিসি প্রণয়ন করা সম্ভব নয়।
তার মতে ছাত্ররাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতি পর্যন্ত নারী নেত্রীদের একটি নিরবচ্ছিন্ন ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। যদি এই চেইন বা ধারাবাহিকতা না থাকে তবে দক্ষ নারী কর্মীরা মাঝপথে হারিয়ে যান। এই সংকট নিরসনে তিনি নতুন নারী রাজনৈতিক কর্মী তৈরির জন্য একটি শক্তিশালী ‘পাইপলাইন’ বা প্রক্রিয়ার দিকে নজর দেওয়ার আহ্বান জানান যাতে তৃণমূল থেকে যোগ্য নেতৃত্ব উঠে আসতে পারে।নারীদের নেতৃত্ব বিকাশে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপের কথা উল্লেখ করে জাইমা রহমান বলেন যে কেবল মুখে বললেই হবে না বরং বাস্তবমুখী মেন্টরশিপ আর নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
অভিজ্ঞ রাজনীতিবিদদের তত্ত্বাবধানে তরুণীদের গড়ে তুলতে হবে যাতে তারা বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেন। এছাড়া নারী রাজনৈতিক কর্মীদের জন্য পর্যাপ্ত অর্থায়নের ব্যবস্থা করাও সময়ের দাবি বলে তিনি মনে করেন। তিনি বিশ্বাস করেন যে নারীদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা গেলে তারা দেশের অর্থনীতি ও রাজনীতিতে বিপ্লব ঘটাতে পারবে। সেমিনারে বিভিন্ন দলের রাজনৈতিক বিশ্লেষক ও নারী অধিকার কর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা জাইমা রহমানের এই দূরদর্শী প্রস্তাবনাগুলোকে স্বাগত জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন