ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৮:৫৭ এএম
সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দিনের শুরুতেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ সকাল ৮টার দিকে তিনি তার নিজ নির্বাচনী আসন ঢাকা-১৫ এলাকার মিরপুর ৬০ ফিট সংলগ্ন মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন। ভোট দেওয়ার পর তিনি কেন্দ্রের পরিবেশ পর্যবেক্ষণ করেন।
এবারের নির্বাচনে জামায়াতের ২২৯ জন প্রার্থী ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২৯৯টি আসনে মোট ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটার তাদের রায় দিচ্ছেন।
এবারই প্রথম সংসদ নির্বাচনের পাশাপাশি ‘জুলাই সনদ’ বা রাষ্ট্র সংস্কারের প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা দুটি ভিন্ন ব্যালটে (প্রার্থী নির্বাচন এবং হ্যাঁ/না ভোট) সিল দিচ্ছেন। নির্বাচনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন এবং নবগঠিত জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। ৫ আগস্টের পটপরিবর্তনের কারণে আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনীসহ প্রায় ১০ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে রয়েছেন। এছাড়া ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক এবং ৫৫ হাজার দেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করছেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন