রবিউল এহ্সান রিপন
ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১১:২৩ এএম
ছবি-দিনাজপুর টিভি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. জাহিদুর রহমান। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ইসরাত ফারজানার স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ১ লাখ ৩২ হাজার ৭৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনের ১২৯টি কেন্দ্রের মধ্যে ১২৮টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। জাহিদুর রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ১৩৩ ভোট। এ আসনে মোট ভোটারের ৭২.১৪ শতাংশ ভোট সংগৃহীত হয়েছে।
অন্যান্য প্রার্থীদের মধ্যে কমিউনিস্ট পার্টির প্রভাত সমীর শাহজাহান আলম (কাস্তে) ১ হাজার ৫৪৮ ভোট, ইসলামী আন্দোলনের মো. আল আমিন (হাতপাখা) ১ হাজার ২৯৫ ভোট এবং জামায়াতে ইসলামীর মো. মিজানুর রহমান (দাঁড়িপাল্লা) ১০ ভোট পেয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র ও অন্যান্য ছোট দলগুলোর প্রার্থীরা সামান্য সংখ্যক ভোট পেয়েছেন।
একই সাথে অনুষ্ঠিত গণভোটে এই আসনের ভোটাররা ব্যাপক অংশগ্রহণ করেছেন। প্রাপ্ত তথ্যমতে, গণভোটে ১ লাখ ৪৯ হাজার ২২৮ জন ‘হ্যাঁ’ ভোট এবং ৯১ হাজার ২৬৮ জন ‘না’ ভোট প্রদান করেছেন। পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার এই আসনে কোনো ভোটকেন্দ্র স্থগিত হয়নি। জাহিদুর রহমানের এই বিশাল বিজয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলীয় নেতা-কর্মীরা।