ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৪:২৯ পিএম
মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে ধানের শীষের জয়জয়কার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ নাসির উদ্দীন মিঠু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাতে জুড়ী ও বড়লেখা উপজেলার সকল কেন্দ্রের ভোট গণনা শেষে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ফলাফল নিশ্চিত করা হয়।
প্রাপ্ত ফলাফলে দেখা যায় নাসির উদ্দীন মিঠু ধানের শীষ প্রতীকে মোট ৯৮ হাজার ২৮২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম দাঁড়িয়ে পাল্লা প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ১৩ ভোট।
অর্থাৎ ১৫ হাজার ২৬৯ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী এই আসনে বিজয়ী হলেন। একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৩১ হাজার ২৫৪ জন। বড়লেখা উপজেলায় ২ লাখ ৯ হাজার ৫৯১ জন এবং জুড়ী উপজেলায় ১ লাখ ২১ হাজার ৬৬৩ জন ভোটারের বিশাল একটি অংশ ভোটদান প্রক্রিয়ায় অংশ নেন। নির্বাচনের শুরু থেকেই এই দুই উপজেলায় বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে তীব্র লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত ভোটাররা ধানের শীষের ওপরই আস্থা রেখেছেন।
ফলাফল ঘোষণার পর বড়লেখা ও জুড়ী উপজেলায় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। বিজয়ী প্রার্থী নাসির উদ্দীন মিঠু ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে জানান যে এলাকার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে তিনি সবার সহযোগিতা নিয়ে কাজ করবেন। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ থাকায় তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও ভোটারদের ধন্যবাদ জানান। মৌলভীবাজারের এই আসনটিতে বিএনপির জয় জাতীয় রাজনীতিতে দলটির অবস্থান আরও সুসংহত করল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন