ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১১:৪২ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এককভাবে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নতুন মন্ত্রিসভা গঠনের তোড়জোড় এখন তুঙ্গে। নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের পরপরই জাতীয় সংসদ সচিবালয়ে শপথ অনুষ্ঠানের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত প্রার্থীরা ঢাকায় এসে পৌঁছেছেন। সংসদ ভবন এলাকায় মন্ত্রীদের ব্যবহারের জন্য গাড়ি ও অন্যান্য প্রটোকল সংক্রান্ত ব্যবস্থাগুলোও গুছিয়ে রাখা হয়েছে। সব ঠিক থাকলে সংসদ সদস্যদের শপথের দিন সন্ধ্যায় কিংবা তার পরের দিন নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।
দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে যে সম্ভাব্য মন্ত্রীদের তালিকা প্রায় চূড়ান্ত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিনিয়র নেতাদের সাথে পরামর্শ করে তিনি এমন একটি মন্ত্রিসভা গঠন করতে চাইছেন যেখানে প্রবীণদের অভিজ্ঞতা এবং তরুণদের উদ্দীপনার সমন্বয় থাকবে।
তবে এবারের মন্ত্রিসভায় সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো শরিক দলগুলোর অংশগ্রহণ। জানা গেছে বিএনপির নেতৃত্বাধীন জোটের অন্তত চারজন শীর্ষ নেতাকে এই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জোর সম্ভাবনা রয়েছে। এদের মধ্যে আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি এবং নুরুল হক নুরের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে।এছাড়া নির্বাচনে সরাসরি জয়লাভ করতে না পারলেও অভিজ্ঞতার বিচারে টেকনোক্র্যাট কোটায় মাহমুদুর রহমান মান্নাকে মন্ত্রিসভায় দেখা যেতে পারে।
দলের নীতিনির্ধারকরা মনে করছেন একটি অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর সরকার গঠনের স্বার্থে জোটের গুরুত্বপূর্ণ নেতাদের প্রশাসনে রাখা প্রয়োজন। তারেক রহমান একটি পরিচ্ছন্ন ভাবমূর্তির মন্ত্রিসভা উপহার দিতে চান যা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। এই চার নেতার অন্তর্ভুক্তি জোটের ঐক্যের ধারাকে আরও সুসংহত করবে বলে মনে করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও নতুন এই সরকারের রূপরেখা নিয়ে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন