ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১২:০৯ এএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও নবনির্বাচিত সংসদ সদস্য ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল জাতীয় সংসদে একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জনগণের পাশে থাকবে। সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে দলের নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে সংসদে দলের ভূমিকা এবং করণীয় নির্ধারণে এই জরুরি মতবিনিময়ের আয়োজন করা হয়।ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী সংসদে গণতানুগতিক ধারার বাইরে গিয়ে সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনতে চায়।
একটি কার্যকর ও গঠনমূলক বিরোধী দল হিসেবে উন্নত বিশ্বের সংসদীয় সংস্কৃতিকে ধারণ করে জনগণের স্বার্থ সংরক্ষণই হবে দলের মূল দায়িত্ব। তিনি সরকারের ইতিবাচক সব কাজে সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি দেশ ও জাতির স্বার্থবিরোধী যে কোনো সিদ্ধান্তের কঠোর বিরোধিতা করার প্রতিশ্রুতি দেন।
ন্যায় কাজে সহযোগিতা এবং অন্যায় কাজে বাধা প্রদানই হবে সংসদে জামায়াতের মূলনীতি।দেশের বর্তমান বিচার বিভাগ ও প্রাতিষ্ঠানিক কাঠামোর বিশৃঙ্খল অবস্থার কথা উল্লেখ করে জামায়াত আমীর বলেন, রাষ্ট্রের বিকল অঙ্গগুলো সচল করতে সরকারি দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বিচার বিভাগসহ সব প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন। ডা. শফিকুর রহমান জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে যদি সংসদ পরিচালিত হয়, তবেই জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব হবে। অন্যথায় ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে বলে তিনি সতর্ক করে দেন।
নির্বাচন পরবর্তী এই সময়ে দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, নির্বাচনের ফলাফলে জনগণের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন হোক বা না হোক, জামায়াত সব সময় জনগণের পাহারাদার হিসেবে কাজ করবে। অসাধু সিন্ডিকেট নির্মূল, মানবাধিকার রক্ষা এবং জনজীবনে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের গঠনমূলক উদ্যোগে দলটির পূর্ণ সমর্থন থাকবে। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকারি ও বিরোধী উভয় দলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেক চ্যালেঞ্জ থাকলেও আন্তরিকতার মাধ্যমে একটি সমৃদ্ধ দেশ গড়া সম্ভব। পরিশেষে তিনি নির্বাচনে ভোটারদের নিরঙ্কুশ সমর্থনের জন্য সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুদিন-দুর্দিন সব সময় জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন