বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

মুফতি আমির হামজার বিরুদ্ধে আরো এক মামলায় সমন জারি

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২, ২০২৬, ০৪:২৮ পিএম

মুফতি আমির হামজার বিরুদ্ধে আরো এক মামলায় সমন জারি

মুফতি আমির হামজা

সিরাজগঞ্জে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ চৌহালী উপজেলা আমলী আদালতে মামলাটি দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্ণেল। 

মামলার প্রাথমিক শুনানি শেষে আদালতের বিচারক মো. সুমন ভূঁইয়া সংসদ সদস্য আমির হামজাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, মুফতি আমির হামজা তাঁর এক বক্তব্যে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী হিসেবে উল্লেখ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। বাদীর আইনজীবীরা ওই বক্তব্যের একটি রেকর্ড করা ভিডিও পেনড্রাইভের মাধ্যমে আদালতে জমা দিয়েছেন। 

আদালত বাদীর জবানবন্দি ও পেশকৃত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে সমন জারির আদেশ প্রদান করেন।উল্লেখ্য যে, এর আগে গত সোমবারও একই ঘটনার জেরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার একটি মানহানি মামলা দায়ের করা হয়েছিল। সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম ওই মামলাটি দায়ের করেছিলেন। 

ওই সময় আদালত অভিযোগটি গুরুত্বের সাথে গ্রহণ করে ডিবি পুলিশকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। পর পর দুই দফায় মামলা হওয়ায় জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মামলার বাদী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্ণেল এ প্রসঙ্গে বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের একজন কৃতি সন্তান এবং ধর্মপ্রাণ মানুষ। তিনি নিজ এলাকায় মায়ের নামে মাদ্রাসা ও একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। 

তাকে নাস্তিক বলায় স্থানীয় মানুষ ও রাজনৈতিক কর্মীরা ভীষণভাবে সংক্ষুব্ধ হয়েছেন। তিনি আরও উল্লেখ করেন যে, মানসম্মান টাকা দিয়ে পরিমাপ করা যায় না বলে তারা মামলায় কোনো নির্দিষ্ট অংকের টাকা উল্লেখ করেননি, বরং আইনের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করছেন।

অন্যদিকে, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানিয়েছেন যে, সিরাজগঞ্জের রাজনীতিতে ইকবাল হাসান মাহমুদ টুকুর পরিবারের অনেক বড় অবদান রয়েছে। তাঁর পিতা পাকিস্তান আমলেও শিল্পমন্ত্রী ছিলেন। মুফতি আমির হামজা সম্প্রতি জাতীয় সংসদ ভবনে গিয়ে মন্ত্রীর কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন বলে একটি গুঞ্জন শোনা যাচ্ছে। তবে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা চান যে, মুফতি আমির হামজা যেন জনসম্মুখে এসে তাঁর বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন। অন্যথায় আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট মহল থেকে ইঙ্গিত পাওয়া গেছে।