বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

তেল সংকটে লোকাল বাসে সংসদে এমপি সালাহ উদ্দিন আইউবী

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৭, ২০২৬, ১০:৪২ পিএম

তেল সংকটে লোকাল বাসে সংসদে এমপি সালাহ উদ্দিন আইউবী

দেশের চলমান জ্বালানি তেল সংকট এবং জনদুর্ভোগ নিয়ে জাতীয় সংসদে নিজের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) সালাহ উদ্দিন আইউবী। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, তেলের জন্য রাজধানীর আটটি পাম্প ঘুরেও তিনি জ্বালানি পাননি। 

শেষ পর্যন্ত ভাড়া করা গাড়িটি রাস্তায় রেখে লোকাল বাসে চড়ে তাঁকে সংসদ অধিবেশনে যোগ দিতে হয়েছে। সরকারের পক্ষ থেকে দেশে জ্বালানি সংকট নেই বলে দাবি করা হলেও মাঠপর্যায়ের চিত্র যে ভিন্ন, তা তিনি কড়া ভাষায় স্মরণ করিয়ে দেন।

গাজীপুর-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, সংসদে আসার জন্য তিনি একটি ভাড়া গাড়ি ব্যবহার করেন। ভেবেছিলেন ঢাকায় এলে হয়তো তেল পাওয়া যাবে, কিন্তু আটটি পাম্প ঘুরেও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত লোকাল পরিবহনে আসতে হয়েছে। 

অথচ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন দেশে কোনো তেলের সংকট নেই। মন্ত্রীর এই বিবৃতির সাথে বাস্তবতার কোনো মিল নেই বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এর পাশাপাশি তিনি তাঁর নির্বাচনী এলাকা কাপাসিয়ার বিভিন্ন সমস্যা যেমন—গ্যাস সংযোগ না থাকা, মাদকের বিস্তার এবং জীর্ণ রাস্তাঘাটের উন্নয়নের দাবি জানান। শীতলক্ষ্যা নদীর সেতুর টোল আদায় বন্ধের বিষয়েও তিনি অভিযোগ করেন।

অধিবেশনে ঝালকাঠি-১ আসনের বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল তাঁর এলাকার নদী ভাঙন ও লবণাক্ততা সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, আইলা ও সিডরের মতো দুর্যোগের পর উপকূলীয় মানুষ বারবার নিঃস্ব হচ্ছে। নদী ভাঙন রোধে বিশেষ প্রকল্প নেওয়ার পাশাপাশি তিনি খাল খননের গুরুত্বারোপ করেন। অন্যদিকে চাঁদপুর-২ আসনের সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন দেশের বর্তমান ভয়াবহ মূল্যস্ফীতি নিয়ে সরকারকে তুলাধোনা করেন। 

তিনি অভিযোগ করেন যে, বিগত সময়ে প্রায় ৬০ হাজার কোটি টাকার অতিরিক্ত মুদ্রা ছাপানোর ফলেই টাকার মান কমেছে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছে। এই মুদ্রণ প্রক্রিয়ায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।সাতক্ষীরা-৪ আসনের জামায়াত সদস্য জি এম নজরুল ইসলাম রাষ্ট্রপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, রাষ্ট্রপতি হওয়া উচিত সবার আস্থার প্রতীক, কিন্তু বর্তমান রাষ্ট্রপতি বিভিন্ন ক্ষমতাকেন্দ্রের সাথে সমঝোতা করে চলেন। 

তিনি সুন্দরবন সংলগ্ন জেলে ও মৌয়ালদের নিরাপত্তা দিতে যৌথ বাহিনীর অভিযান বাড়ানোর দাবি জানান। অধিবেশনে আরও বক্তব্য দেন কামরুজ্জামান রতন, আবু সাইদ চাঁদসহ বেশ কয়েকজন সংসদ সদস্য। বক্তারা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, আমের শিল্পভিত্তিক ব্যবস্থাপনা এবং রাজনৈতিক অপপ্রচার বন্ধের মতো বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক ইস্যুতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।