বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

কক্সবাজারে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যুতে জামায়াতের শোক

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ১২:০০ এএম

কক্সবাজারে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যুতে জামায়াতের শোক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদরাসায় পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মর্মান্তিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, বুধবার দুপুরে টানা বৃষ্টির কারণে কক্সবাজারের উখিয়ায় পাহাড়ধসে রোহিঙ্গা আশ্রয়শিবিরে ৮ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু এবং অনেকে মাটির নিচে চাপা পড়ার ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও হৃদয়বিদারক। তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানান।

জামায়াত নেতা বলেন, পাহাড়ধসে মাটির নিচে চাপা পড়া শিক্ষার্থীদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সাধারণ মানুষ প্রাণপণ চেষ্টা করছেন। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় উদ্ধারকাজ পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তিনি আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, একের পর এক পাহাড়ধসের ঘটনায় রোহিঙ্গা শরণার্থীদের মৃত্যু হচ্ছে, যার পেছনে মূলত মিয়ানমারের জান্তা সরকারের নিপীড়ন দায়ী। তিনি রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রাকৃতিক দুর্যোগে এতগুলো মানুষের প্রাণহানি অপূরণীয় ক্ষতি। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে সার্বিক সহযোগিতার দাবি জানান। একই সঙ্গে কক্সবাজারসহ দেশের পার্বত্য জেলাগুলোতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুর্যোগপূর্ব সতর্কতা জারি এবং তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।