জুলাই ১২, ২০২৬, ১২:১০ পিএম
সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সুপ্রিম কোর্টের একজন খ্যাতিমান সিনিয়র আইনজীবী এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন।শোকবার্তায় জামায়াত আমির জানান, ফ্যাসিবাদী আমলে যখন জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতৃবৃন্দের ওপর আইনি জুলুম চাপানো হয়েছিল, তখন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তাদের পাশে দাঁড়িয়েছিলেন। মরহুমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, কোনোদিন জোর করেও তাকে ফি দিতে পারেননি তারা। ব্যারিস্টার জমির উদ্দিন বলতেন, এটি তার নৈতিক দায়িত্ব এবং মজলুমদের পাশে দাঁড়ানোই তার কাজ।
ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, মহান জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সবার কাছে সমাদৃত ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারাল। তিনি মরহুমের দোষ-ত্রুটি ক্ষমা করার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন এবং তার স্বজন ও সহকর্মীদের ধৈর্য ধরার শক্তি কামনা করেন।
এর আগে রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেন। তিনি একাধারে সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও মন্ত্রী ছিলেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক ও আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন