বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু আর নেই

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৯, ২০২৬, ১১:০৭ এএম

যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু আর নেই

ছবি - সংগৃহীত

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ২টা ২০ মিনিটে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে জাকির হোসেন নান্নু হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন। রোববার (১৯ জুলাই) ভোর ৬টায় ঢাকা থেকে তার মরদেহ গ্রামের বাড়ি বরিশালে নেওয়া হয়েছে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় তারা বলেন, জাকির হোসেন নান্নুর মতো সাহসী ও নিবেদিত কর্মী সহজে পাওয়া যায় না। তার এই আকস্মিক মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন এবং পরিবারকে এই শোক সইবার শক্তি দেন, সেই প্রার্থনা করেছেন নেতৃবৃন্দ।