নভেম্বর ৫, ২০২৫, ০৮:৪৩ পিএম
জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং ওই আদেশের ওপর নভেম্বরেই গণভোট আয়োজন করা সহ মোট পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে জামায়াতে ইসলামী সহ সমমনা আটটি রাজনৈতিক দল। আগামীকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর পল্টন মোড়ে জমায়েত শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার কাছে এই স্মারকলিপি প্রদান করা হবে।
এর আগে গত সোমবার যুগপৎ আন্দোলনরত এই আট দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্মারকলিপি প্রদানের এই কর্মসূচি ঘোষণা করা হয়।আন্দোলনরত আট দলের মধ্যে জামায়াতে ইসলামী ছাড়াও রয়েছে— ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা ও ডেভেলপমেন্ট পার্টি।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত আটটি রাজনৈতিক দলের পক্ষ থেকে সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে স্মারকলিপি প্রদান করা হবে। এ উপলক্ষে আটটি দলের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিলসহকারে ঐতিহাসিক পল্টন মোড়ে এসে সমবেত হবেন। সেখানে নেতাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে তারা যমুনার অভিমুখে যাত্রা শুরু করবেন।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় জামায়াত নেতারা মতিঝিল শাপলা চত্বর থেকে পথযাত্রা নিয়ে পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখবেন।ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ জানান, এই কর্মসূচি চলমান যুগপৎ আন্দোলনেরই অংশ। স্মারকলিপি প্রদানের আগে সকাল ১১টায় পল্টন মোড়ে জমায়েত অনুষ্ঠিত হবে।আন্দোলনরত এই আট দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে যে পাঁচটি দাবি জানানো হবে, তার মধ্যে রয়েছে:
-
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং নভেম্বরেই ওই আদেশের ওপর গণভোট আয়োজন করা।
-
জুলাই সনদের আইনী ভিত্তি নিশ্চিত করা।
-
পিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করা।
-
গণহত্যার বিচার দৃশ্যমান করা।
-
জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসর দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন