নভেম্বর ৫, ২০২৫, ১১:১০ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক মুনতাসির মাহমুদকে এবার দল থেকেই স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে তিনি দলটির পদ এবং রেড ক্রিসেন্ট সোসাইটির উপপরিচালকের অস্থায়ী চাকরি হারিয়েছিলেন।আজ বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে মুনতাসির মাহমুদকে অব্যাহতি দেওয়া বিষয়ক একটি চিঠি প্রকাশ করা হয়। চিঠিতে বলা হয়েছে, গত ১২ অক্টোবর তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় এবং কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।
১৪ অক্টোবর তিনি সেই লিখিত জবাব দিলেও, জবাবটি সন্তোষজনক হয়নি।চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, শৃঙ্খলা কমিটির কার্যক্রম চলমান থাকা অবস্থায় সতর্ক করা সত্ত্বেও তিনি বারবার সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এই কারণে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব জনাব আখতার হোসেনের নির্দেশে তাকে দল থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হলো।জুলাই গণঅভ্যুত্থানের পর মুনতাসির মাহমুদ রেড ক্রিসেন্ট সোসাইটিতে উপপরিচালক পদে অস্থায়ী চাকরি পেয়েছিলেন।
কিন্তু অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে তিনি রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মগবাজারে প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয়ে কয়েক দিন ধরে বিক্ষোভ করেন।এনসিপির পক্ষ থেকে নিষেধ করা সত্ত্বেও গত ১২ অক্টোবর তিনি লোকজন নিয়ে সেখানে বিক্ষোভ করেন। ওই দিনই রেড ক্রিসেন্টের বোর্ড সভায় তাকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত হয়। বোর্ড সভায় তথ্য উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব আলমও উপস্থিত ছিলেন, যিনি রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদের সদস্য। সভার পর মাহবুব আলমকে বের হতে গেলে মুনতাসির মাহমুদের অনুসারীরা তাকে অবরুদ্ধ করেন।
এরপরেই মুনতাসিরকে কারণ দর্শানোর নোটিশসহ পদ থেকে অব্যাহতির চিঠি ফেসবুকে প্রকাশ করে এনসিপি। এরপরও তিনি উপদেষ্টা মাহবুব আলমের বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন অভিযোগ তুলে পোস্ট অব্যাহত রাখেন। এই ধারাবাহিক শৃঙ্খলা ভঙ্গের কারণেই তাকে এবার দল থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হলো।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন