নভেম্বর ১০, ২০২৫, ০৫:২৮ পিএম
রুতর বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের হজ পালনের অনুমতি দেবে না সৌদি সরকার। এই বিষয়ে প্রত্যেক হজযাত্রীর সার্বিক স্বাস্থ্য পরীক্ষার জন্য হজযাত্রী প্রেরণকারী কর্তৃপক্ষকে অনুরোধ করেছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ স্বাস্থ্য পরীক্ষায় হজযাত্রীরা হজ পালনের জন্য স্বাস্থ্য ঝুঁকিমুক্ত—এরূপ প্রত্যয়ণ দেওয়া আবশ্যক।
এ বিষয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে হজযাত্রী প্রেরণকারী দেশগুলোকে লিখিতভাবে পত্র পাঠানো হয়েছে। সোমবার এক প্রেস রিলেজের মাধ্যমে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়েছে। পত্রে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে একজন হজযাত্রী যেসকল শারীরিক পরিস্থিতিতে হজের অনুমতি পাবেন না তার তালিকা।
প্রধান অঙ্গের অকার্যকারিতা: যেসব হজযাত্রীর শরীরের প্রধান অঙ্গসমূহ অকার্যকর, তারা হজের অনুমতি পাবেন না। এর মধ্যে রয়েছে ডায়ালাইসিস চলছে এমন কিডনি রোগ, গুরুতর হৃদরোগ, সবসময় অক্সিজেন প্রয়োজন হয় এরূপ ফুসফুসের রোগ এবং ভয়াবহ লিভার সিরোসিস।
স্নায়বিক ও মানসিক সমস্যা: গুরুতর স্নায়ুবিক বা মানসিক রোগ এবং স্মৃতিভ্রষ্টতাসহ অতি বয়স্ক ব্যক্তিরাও হজের অনুমতি পাবেন না।গর্ভাবস্থা ও ক্যান্সার: শেষ প্রান্তিকের গর্ভাবস্থা এবং যেকোনো স্তরে উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায়ও হজের অনুমতি মিলবে না। এছাড়াও, সংক্রামক রোগ যেমন যক্ষ্মা, ভাইরাল হেমোরেজিক জ্বর এবং কেমোথেরাপি কিংবা অন্য কোনো নিবিড় ইমিউনোথেরাপী চিকিৎসা গ্রহণ করছেন এমন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকেও সৌদি সরকার হজের অনুমতি দেবে না।
হজযাত্রী প্রেরণের ক্ষেত্রে কর্তৃপক্ষকে স্বাস্থ্য ঝুঁকিমুক্ত প্রত্যয়ন করে নুসুক মাসার প্লাটফর্মে প্রত্যেক হজযাত্রীর জন্য আবশ্যিকভাবে বৈধ স্বাস্থ্য সনদ ইস্যু করতে অনুরোধ করেছে সৌদি আরব। চিঠিতে বলা হয়েছে, আগমন ও বহির্গমন প্রান্তে মনিটরিং দল নুসুক মাসার প্লাটফর্মের মাধ্যমে ইস্যুকৃত স্বাস্থ্য সনদের সত্যতা যাচাই করবে। যদি কোনো দেশের কোনো হজযাত্রীর ক্ষেত্রে তালিকাভুক্ত স্বাস্থ্য ঝুঁকি পাওয়া যায়, তবে সেই দেশের বিরুদ্ধে সংশোধনমূলক ও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণ করবে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এই বিষয়ে মন্তব্য করেছেন যে, মসৃণ ও নিরাপদ হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে শারীরিক সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, বাংলাদেশ থেকে হজযাত্রী প্রেরণের ক্ষেত্রে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সংক্রান্ত এই বিধিনিষেধসমূহ কঠোরভাবে অনুসরণ করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন