শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

সোহরাওয়ার্দীতে খতমে নবুওয়ত মহাসম্মেলনে মানুষের ঢল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৫, ১০:৪৭ এএম

সোহরাওয়ার্দীতে খতমে নবুওয়ত মহাসম্মেলনে মানুষের ঢল

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সকাল থেকেই ধর্মপ্রাণ মানুষের ঢল নেমেছে এবং আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনকে কেন্দ্র করে পুরো এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে। মূলত কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার একদফা দাবি নিয়েই এই বিশাল জমায়েতের আয়োজন করা হয়েছে।

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত এই মহাসম্মেলন শনিবার সকাল নয়টায় আনুষ্ঠানিকভাবে শুরু হলেও ফজরের নামাজের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তৌহিদী জনতা মাঠে অবস্থান নিতে শুরু করেন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঐতিহাসিক এই উদ্যান এবং স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

এই মহাসম্মেলনের গুরুত্ব এবং ব্যাপ্তি অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি কারণ এতে অংশ নিচ্ছেন বিশ্বের প্রখ্যাত সব ইসলামিক স্কলার ও ওলামায়ে কেরাম। মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে ইতিমধ্যে বক্তব্য রাখা শুরু করেছেন দেশবরেণ্য আলেমরা। আয়োজকরা জানিয়েছেন এই সম্মেলনে কেবল ধর্মীয় নেতারাই নন বরং বিএনপি জামায়াত ও ইসলামী আন্দোলনসহ দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন।

মুসলিম উম্মাহর আকিদা ও বিশ্বাস রক্ষায় আয়োজিত এই সম্মেলনে আগত বক্তারা কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবিতে সরকারের কাছে কঠোর বার্তা পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেছেন।সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন মুসলিম বিশ্বের অত্যন্ত প্রভাবশালী কয়েকজন ব্যক্তিত্ব। এদের মধ্যে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছেন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান এবং ভারতের দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল মুফতি আবুল কাসেম নোমানী।

এছাড়াও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী সৌদি আরবের ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের নায়েবে আমির শায়েখ আব্দুর রউফ মক্কী এবং মিশরের আল-আজহার ইউনিভার্সিটির অধ্যাপক ড. শায়েখ মুসআব নাবীল ইবরাহীমের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক চিন্তাবিদরা মঞ্চ অলংকৃত করেছেন। পাকিস্তানের বিশিষ্ট দাঈ মাওলানা ইলিয়াস গুম্মানও উপস্থিত রয়েছেন।

দেশীয় শীর্ষ ওলামায়ে কেরামদের মধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর প্রিন্সিপাল মাওলানা খলিল আহমাদ কুরাইশী এবং আল হাইয়াতুল উলইয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান সম্মেলনে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

এছাড়াও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেকসহ দেশের বরেণ্য আলেমরা উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে নবুওয়তের মর্যাদা রক্ষা ও কাদিয়ানি সমস্যা নিরসনে করণীয় সম্পর্কে আলোচনা করবেন। দিনব্যাপী এই সম্মেলনে লক্ষাধিক মানুষের সমাগম প্রমাণ করে যে এই ইস্যুটি বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের কাছে কতটা আবেগ ও গুরুত্ব বহন করে।