শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

ঢাকায় শুরু হচ্ছে ২৪তম আন্তর্জাতিক কিরাত সম্মেলন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৫, ০৭:২৪ পিএম

ঢাকায় শুরু হচ্ছে ২৪তম আন্তর্জাতিক কিরাত সম্মেলন

বাংলাদেশে পবিত্র কোরআনের তিলাওয়াত চর্চাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও প্রসারিত করতে আগামী শুক্রবার (২৮ নভেম্বর) শুরু হচ্ছে “২৪তম আন্তর্জাতিক কিরাত সম্মেলন বাংলাদেশ–২০২৫”। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে বিকেল ৪টায় এই মহতী আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই আয়োজনের উদ্যোক্তা হিসেবে রয়েছে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ‘ইক্বরা’ এবং পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে পি.এইচ.পি ফ্যামিলি, সহযোগিতায় থাকছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

বিশ্বখ্যাত ক্বারি শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন পি.এইচ.পি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মো. মিজানুর রহমান।এছাড়াও উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. হালিম খান, ঢাকা জেলা প্রশাসক তানজিল আহমেদ, বাংলাদেশ পুলিশ ও ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) এজাজ আহমেদ এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত খ্যাতনামা ক্বারিদের মধ্যে থাকছেন:

মিসরের ক্বারী শাইখ আহমদ আল জাওহারি

তুরস্কের শাইখ আব্দুল ওয়ালী আরাকানি

পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান শাহ বুখারী

ইরানের ক্বারী মাহদী গুলামনেজাদ

ফিলিপাইনের ক্বারী মুহাম্মদ নাযীর আসগর

উল্লেখ্য, বাংলাদেশের বেতার ও টেলিভিশনের সাবেক প্রধান ক্বারী, মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং বিশ্ববিখ্যাত তিলাওয়াতকারী মাওলানা ক্বারী মুহাম্মদ ইউসুফ (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত 'ইক্বরা' সংস্থা গত ৩৪ বছর ধরে ধারাবাহিকভাবে এই আন্তর্জাতিক কিরাত সম্মেলনের আয়োজন করে আসছে।