শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

চার দেশে রোজা শুরুর তারিখ ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৭:৩২ পিএম

চার দেশে রোজা শুরুর তারিখ ঘোষণা

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে বিশ্বের চারটি দেশ চলতি বছরের রমজান শুরুর সুনির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। ওমান, তুরস্ক, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া জানিয়েছে যে আগামী ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে তাদের দেশে রোজা শুরু হবে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব এবং চাঁদের অবস্থান ও দৃশ্যমানতা বিশ্লেষণ করে সংশ্লিষ্ট দেশগুলোর ধর্মীয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ইসলামি হিজরি ক্যালেন্ডার অনুযায়ী প্রতিটি মাস চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয়। ওমানের চাঁদ দেখা কমিটি জানিয়েছে যে ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দেশটির কোনো অঞ্চল থেকেই চাঁদ দেখা সম্ভব হবে না। 

ফলে ১৮ ফেব্রুয়ারি বুধবার হবে শাবান মাসের শেষ দিন এবং ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে। একইভাবে তুরস্কের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে যে মঙ্গলবার বিশ্বের কোনো আরব বা ইসলামি দেশে এমনকি আমেরিকাতেও চাঁদ দেখা সম্ভব হবে না। তাই ১৯ ফেব্রুয়ারি থেকেই তুরস্কে রোজা পালিত হবে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরের ইসলামিক রিলিজিয়াস কাউন্সিলও একই ঘোষণা দিয়েছে। দেশটির মুফতির নেতৃত্বে গঠিত কাউন্সিল নিশ্চিত করেছে যে মঙ্গলবার চাঁদ দেখা অসম্ভব হওয়ায় বৃহস্পতিবার থেকে রমজান গণনা শুরু হবে। অন্যদিকে অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জানিয়েছে যে বুধবার সূর্যাস্তের পর তারাবির নামাজের মাধ্যমে রমজানের প্রথম রাত শুরু হবে। কাউন্সিল স্পষ্ট করেছে যে বৈজ্ঞানিকভাবে যখন চাঁদ দেখা অসম্ভব বলে নিশ্চিত হওয়া যায় তখন তার বিপরীত কোনো দাবি গ্রহণযোগ্য নয়।

সাধারণত মধ্যপ্রাচ্য ও বিশ্বের বিভিন্ন প্রান্তে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই বাংলাদেশে রোজার তারিখ নির্ধারিত হয়। তবে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে সাধারণত একদিন পরে রোজা শুরু হওয়ার সম্ভাবনা থাকে। এই চার দেশের ঘোষণার পর এখন দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজান কবে শুরু হবে তা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রতি বছরের মতো এবারও বৈজ্ঞানিক হিসাব এবং খালি চোখে চাঁদ দেখার পদ্ধতির সমন্বয়ে রমজানের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।