ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১০:৪৪ এএম
বাংলাদেশের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিয়াম সাধনা। গতকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার খবর নিশ্চিত করার পর ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে বিশেষ আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বুধবার এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবির মধ্য দিয়ে শুরু হয় এই পবিত্র মাসের আনুষ্ঠানিকতা।
আজ ভোররাতে সেহরি সম্পন্ন করার পর দেশের কোটি কোটি মুসলমান প্রথম রোজা পালন করছেন। রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাসে আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দেগিতে মগ্ন থাকবেন মুমিনরা।
রমজান মাসে তারাবির নামাজে পবিত্র কোরআন খতমের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা জারি করেছে ইসলামিক ফাউন্ডেশন। কর্মব্যস্ততার কারণে অনেক সময় মুসল্লিদের বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়, তাই খতমের ধারাবাহিকতা বজায় রাখতে দেশের সকল মসজিদে একই পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রথম ছয় দিনে দেড় পারা করে মোট নয় পারা এবং পরবর্তী ২১ দিনে এক পারা করে তেলাওয়াত করা হবে। এই নিয়মে খতম সম্পন্ন হলে আগামী ২৭ রমজান অর্থাৎ ১৬ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে কদর বা লাইলাতুল কদর পালিত হবে। এই রাতটি মুসলিম সমাজে অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়ে থাকে।বিশ্বের বিভিন্ন দেশে চাঁদের উদয়ের ওপর ভিত্তি করে রমজান শুরু হলেও বাংলাদেশে আজ বৃহস্পতিবার থেকেই রোজা শুরু হয়েছে।
সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে গত বুধবার থেকেই রমজান পালন শুরু হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশের সাথেই আজ থেকে রোজা পালন করছে। ইবাদতের এই বসন্তকালে মুসলিমরা রোজা রাখার পাশাপাশি কোরআন তেলাওয়াত, জিকির-আজকার এবং দান-খয়রাতের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। সামাজিক সংহতি ও ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমেই রমজানের প্রকৃত শিক্ষা অর্জিত হবে বলে মনে করেন বিশিষ্ট আলেমরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন