শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৬, ০৭:১০ পিএম

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

আমিরাতে দিনের চাঁদ

বিরল এক ঘটনার মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে হিজরি ১৪৪৭ সনের জিলকদ মাস শুরু হয়েছে। সাধারণত সূর্যাস্তের পর পশ্চিম আকাশে নতুন চাঁদ দেখা গেলেও এবার দিনের প্রখর আলোতেই আকাশে ধরা দিয়েছে সরু একফালি রূপালি চাঁদ। এই বিশেষ পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিজ্ঞানীরা পবিত্র জিলহজ মাস এবং আসন্ন ঈদুল আজহার সম্ভাব্য সময়সূচিও ঘোষণা করেছেন।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় এই চাঁদের ছবি তোলা সম্ভব হয়। জ্যোতির্বিজ্ঞানীদের উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে।

সেই সময় নতুন চাঁদের বয়স ছিল মাত্র ১৬ দশমিক ৫ ঘণ্টা। চাঁদটি সূর্য থেকে ১১ দশমিক ৭ ডিগ্রি দূরত্বে অবস্থান করছিল, যার ফলে অত্যাধুনিক টেলিস্কোপ ও প্রযুক্তির সহায়তায় দিনের বেলাতেই এটি দৃশ্যমান হয়। জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদা এই ঐতিহাসিক মুহূর্তের ছবিটি ধারণ করেন, যেখানে তাকে সহযোগিতা করেন একদল বিশেষজ্ঞ গবেষক।

এই চাঁদ দেখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে পবিত্র কোরবানির ঈদের ক্ষণ-গণনা। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ২০২৬ সালে পবিত্র ঈদুল আজহা আগামী ২৭ মে বুধবার উদযাপিত হতে পারে। সেই হিসেবে হজের মূল আনুষ্ঠানিকতা বা পবিত্র আরাফাত দিবস হতে পারে ২৬ মে মঙ্গলবার। এই সম্ভাব্য তারিখের ওপর ভিত্তি করে আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বাসিন্দারা আগামী মাসে একটি দীর্ঘ সরকারি ছুটির অপেক্ষায় রয়েছেন।

সাধারণত আরাফাত দিবস এবং ঈদুল আজহা উপলক্ষে মধ্যপ্রাচ্যে টানা চার দিনের সরকারি ছুটি দেওয়া হয়। তবে সাপ্তাহিক ছুটির হিসাব যোগ করলে এই ছুটি ৯ দিন পর্যন্ত দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও সব ইসলামিক উৎসবের মতো জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে, তবে বর্তমান হিসাব অনুযায়ী এই পূর্বাভাসের পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ধর্মীয় উৎসব পালিত হয়, সেই অনুযায়ী বাংলাদেশে ২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।