রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নামাজ আদায়ে জীবনে সফলতা: জানুন কোরআনের দিকনির্দেশনা

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৮, ২০২৬, ০১:০৭ পিএম

নামাজ আদায়ে জীবনে সফলতা: জানুন কোরআনের দিকনির্দেশনা

সফলতা মানবহৃদয়ের কাঙ্ক্ষিত লক্ষ্য। আমরা সবাই সফল হতে চাই। কিন্তু কাঙ্ক্ষিত সেই সফলতার দেখা মিলবে কীভাবে? কোন পথে হাঁটলে দুনিয়ার জীবন প্রশান্তিময় হবে আর আখেরাতে মিলবে বেহেশতের নেয়ামত?পবিত্র কোরআন আমাদের সেই অব্যর্থ পাথেয় বাতলে দেয়। নামাজের মাধ্যমেই জীবন আলোকিত করা সম্ভব। 

এটি সফল মুমিনের প্রধান বৈশিষ্ট্য। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই সফলতা লাভ করেছে মুমিনগণ, যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত।এই আন্তরিকতাকে ইসলামের পরিভাষায় খুশু-খুজু বলা হয়। বিনীত নামাজের মাধ্যমেই মানুষ অন্যায় ও অশ্লীল কাজ থেকে বেঁচে থাকার প্রেরণা পায়। কোরআনে আরও বলা হয়েছে, নামাজ ব্যক্তিকে অশ্লীল ও পাপের কাজ থেকে বিরত রাখে।

রাসুলুল্লাহ একটি চমৎকার উপমার মাধ্যমে নামাজের ফজিলত ব্যাখ্যা করেছেন। তিনি সাহাবিদের কাছে জানতে চেয়েছিলেন, কারো বাড়ির সামনে নদী থাকলে এবং সে প্রতিদিন পাঁচবার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি? সাহাবিরা উত্তর দিয়েছিলেন, না। 

নবীজি বললেন, এটিই পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। আল্লাহ এর মাধ্যমে বান্দার পাপ মুছে নিঃশেষ করে দেন।শীতকালে যেমন গাছ থেকে পাতা ঝরে যায়, একজন মুমিন যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ আদায় করে, তখন তার পাপগুলোও সেভাবে ঝরে যায়। এটিই মুমিনের জন্য জান্নাতের পথ সুগম করার সবচেয়ে সহজ মাধ্যম।

মহান প্রতিপালক প্রতিশ্রুতি দিয়েছেন, যে ব্যক্তি গুরুত্বসহকারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে এবং কোনো রূপ অবহেলা করবে না, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। নামাজ ব্যক্তির জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে, রহমতের ফল্গুধারা বইয়ে দেয় এবং নাজাতের পথ নিশ্চিত করে। তাই আলোকিত জীবন গড়তে ও জান্নাতুল ফিরদাউসের পথে এগিয়ে যেতে পাঁচ ওয়াক্ত নামাজে মনোযোগী হওয়া জরুরি।