শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৩:৪৯ পিএম

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই রোমাঞ্চ আর অঘটনের মঞ্চ। এবারের আসরে সেই নাটকের প্রথম দৃশ্য রচনা করল জিম্বাবুয়ে। শক্তিশালী অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে টুর্নামেন্টে বড়সড় বার্তা দিল সিকান্দার রাজার দল। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেও জিম্বাবুয়ের ব্যাটারদের দৃঢ়তায় সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে দাঁড়ায়। 

নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৬৯ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করে জিম্বাবুয়ে।জিম্বাবুয়ের ইনিংসের মূল কারিগর ছিলেন ব্রায়ান বেনেট। ওপেনিংয়ে নেমে তিনি ৫৬ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন। 

এছাড়া তাদিয়ানসে মারুমানি ৩৫ এবং রায়ান বার্ল করেন ৩৫ রান। শেষ দিকে অধিনায়ক সিকান্দার রাজা মাত্র ১৩ বলে ২৫ রানের একটি ঝোড়ো ক্যামিও খেলে দলকে ১৬৯ রানে পৌঁছে দেন। অস্ট্রেলিয়ার বোলাররা জিম্বাবুয়ের ব্যাটারদের ওপর সেভাবে চাপ তৈরি করতে পারেননি।

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চরম বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ২৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অজিরা। ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্সের তোপে টপ অর্ডারের কেউই থিতু হতে পারেননি। জশ ইংলিস, ক্যামেরন গ্রিন এবং টিম ডেভিড দ্রুত সাজঘরে ফেরেন। চাপের মুখে ম্যাট রেনশো ও গ্লেন ম্যাক্সওয়েল ৭৭ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেছিলেন। ম্যাক্সওয়েল ৩১ রান করে আউট হলেও রেনশো একপ্রান্ত আগলে রেখে ৬৫ রান করেন।

তবে শেষ রক্ষা হয়নি অস্ট্রেলিয়ার। মুজারাবানি তার বিধ্বংসী বোলিংয়ে অজিদের লোয়ার অর্ডার তছনছ করে দেন। ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে তিনি ম্যাচসেরা নির্বাচিত হন। ব্র্যাড ইভান্স নেন ৩টি উইকেট। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ১৯ বছর পর বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে। এই ঐতিহাসিক জয় এবারের বিশ্বকাপে গ্রুপ ‘বি’-র সমীকরণকে পুরোপুরি পাল্টে দিয়েছে।