এপ্রিল ২, ২০২৬, ১১:১৭ পিএম
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরুর আগেই নিজেদের ঘর গুছিয়ে নিতে শুরু করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কোচ কার্লো আনচেলত্তি এরই মধ্যে আসন্ন মহাযজ্ঞের জন্য সম্ভাব্য চূড়ান্ত স্কোয়াড এবং বিকল্প খেলোয়াড়দের তালিকা প্রস্তুত করে ফেলেছেন বলে খবর পাওয়া গেছে। ব্রাজিলের প্রভাবশালী ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম গ্লোবো ব্রাজিলের এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে।
যে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে সর্বশেষ প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করে ২৬ সদস্যের দলের মধ্যে ২৪টি নাম পাকাপাকিভাবে নির্ধারণ করা হয়েছে। তবে এই মুহূর্তে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে পোস্টার বয় নেইমারকে নিয়ে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, হেক্সা মিশনের চূড়ান্ত দলে নেইমারের জায়গা পাওয়া এখন বড় ধরণের অনিশ্চয়তার মুখে পড়েছে।
ব্রাজিল কোচ আনচেলত্তি এবং নির্বাচক কমিটির তীক্ষ্ণ নজর এখন বাকি থাকা দুটি শূন্যস্থানের ওপর। এই দুই জায়গার জন্য মূলত তিনজন প্রতিভাবান খেলোয়াড় লড়াই করছেন।
তারা হলেন অভিজ্ঞ লুকাস পাকেতা, তরুণ তুর্কি এনদ্রিক এবং ইগর তিয়াগো। বিশেষ করে ক্রোয়েশিয়া ম্যাচে এনদ্রিকের দুর্দান্ত পারফরম্যান্স কোচিং স্টাফদের নতুন করে ভাবনায় ফেলেছে। ওই ম্যাচে বদলি হিসেবে মাত্র ৭৬ মিনিটে মাঠে নেমে এক গোলে সহায়তা করে নিজের জাত চিনিয়েছেন এই তরুণ। ফলে আক্রমণভাগে এনদ্রিককে রাখা হবে নাকি অভিজ্ঞতার দিকে ঝুঁকি নেওয়া হবে, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। তিয়াগো বর্তমানে এই দৌড়ে কিছুটা এগিয়ে থাকলেও পাকেতাকে নিয়েও দলের ভেতরে এক ধরণের ইতিবাচক মনোভাব রয়েছে।
গোলপোস্টের নিচে অভিজ্ঞ অ্যালিসন ও এদেরসনের পাশাপাশি বেন্তোর জায়গা নিশ্চিত বলে ধরে নেওয়া হচ্ছে। ফুলব্যাক পজিশনে আনচেলত্তির পূর্ণ আস্থা অর্জন করেছেন ওয়েসলি, আলেক্স সান্দ্রো ও দগলাস সান্তোস। মাঝমাঠে ক্যাসেমিরো এবং ব্রুনো গিমারায়েসের উপস্থিতি কেবল নিশ্চিতই নয়, তারা শুরুর একাদশেই থাকছেন বলে জোরালো ইঙ্গিত পাওয়া গেছে। তাদের সঙ্গে ফাবিনিও এবং আন্দ্রে সান্তোসকেও সবুজ সংকেত দেওয়া হয়েছে।
এছাড়া দানিলো সান্তোসের সাম্প্রতিক গোল করার ক্ষমতা এবং মাঝমাঠে প্রভাব বিস্তারের অসাধারণ দক্ষতা তাকে স্কোয়াডে পোক্ত জায়গা করে দিয়েছে। দানিলোর এই নাটকীয় উত্থান মূলত লুকাস পাকেতার জন্য বড় ধরণের চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।আক্রমণভাগে ব্রাজিলের শক্তিমত্তা এবারও বিশ্বসেরা হওয়ার দাবি রাখে। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, মাথেউস কুনিয়া এবং গ্যাব্রিয়েল মার্তিনেল্লির মতো তারকাদের জায়গা প্রায় নিশ্চিত। তাদের পাশাপাশি উদীয়মান প্রতিভা এস্তেভাও, লুইস এনরিকে ও জোয়াও পেদ্রোও কোচের পছন্দের তালিকায় প্রথম সারিতে রয়েছেন।
তবে কোটি ভক্তের হৃদস্পন্দন নেইমার জুনিয়ারকে নিয়ে কোনো সুখবর দিতে পারেনি গ্লোবো ব্রাজিল। কোচিং স্টাফের বরাত দিয়ে তারা জানিয়েছে যে বিশ্বকাপ দলে নেইমারের অন্তর্ভুক্তির সম্ভাবনা এই মুহূর্তে খুবই ক্ষীণ। তবে নেইমারের শৈশবের ক্লাব সান্তোসের হয়ে তার পরবর্তী ম্যাচগুলোর পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন আনচেলত্তি। শারীরিক ফিটনেস এবং ফর্মের বিচারে তিনি যদি নিজেকে পুনরায় প্রমাণ করতে পারেন, তবেই হয়তো শেষ মুহূর্তে ভাগ্য খুলতে পারে এই মহাতারকার। নচেৎ নেইমারকে ছাড়াই হয়তো মিশন শুরু করতে হবে সেলেসাওদের।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন