বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বিশ্বকাপে নেইমারের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন আনচেলত্তি!

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৩, ২০২৬, ০২:৫৯ পিএম

বিশ্বকাপে নেইমারের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন আনচেলত্তি!

নেইমার ও আনচেলত্তি

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় আগামী ফুটবল বিশ্বকাপের ডামাডোল বাজতে শুরু করেছে। এই মহাযজ্ঞ শুরু হতে আর ৭০ দিনও বাকি নেই। ঠিক এমন সময়েই ফুটবল বিশ্বে বড় এক খবর চাউর হয়েছে যে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছেন মহাতারকা নেইমার জুনিয়র। 

স্প্যানিশ গণমাধ্যম মার্কার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে কোচ কার্লো আনচেলত্তি নাকি ইতোমধ্যে তাকে ছাড়াই বিশ্বকাপের চূড়ান্ত পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন। সম্প্রতি ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচগুলোতে নেইমারের অনুপস্থিতি এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

ইএসপিএন এবং মার্কার যৌথ তথ্য অনুযায়ী আনচেলত্তি ২৬ সদস্যের একটি প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছেন যেখানে নেইমারের নাম নেই। ব্রাজিলের এই ইতালিয়ান কোচ আগে থেকেই বলে আসছিলেন যে দলে ফিরতে হলে খেলোয়াড়দের শতভাগ ম্যাচ ফিটনেস প্রমাণ করতে হবে। 

কিন্তু ২০২৩ সালের সেই মারাত্মক চোট পাওয়ার পর থেকে নেইমার আর জাতীয় দলের হয়ে মাঠের লড়াইয়ে নামতে পারেননি। চলতি বছরের শুরুতে নিজের পুরনো ক্লাব সান্তোসে ফিরলেও মাত্র পাঁচটি ম্যাচ খেলার অভিজ্ঞতা তাকে আনচেলত্তির কঠিন শর্ত পূরণে সাহায্য করতে পারেনি। এর পরিবর্তে কোচ এখন লুকাস পাকেতা, এনদ্রিক কিংবা ইগর থিয়াগোর মতো তরুণ ও ফিট খেলোয়াড়দের ওপর বেশি ভরসা রাখছেন।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন বা সিবিএফ-এর কাছে আনচেলত্তি তার কঠোর অবস্থানের কথা আগেই জানিয়েছিলেন। তিনি এমন একটি দল গড়তে চান যারা একক কোনো তারকার ওপর নির্ভর না করে মাঠে দলগত ফুটবল উপহার দেবে। তবে নেইমারের মতো অভিজ্ঞ একজনকে বাদ দেওয়ার এই সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। 

কিংবদন্তি কোচ জোসে মরিনহো থেকে শুরু করে ফুটবল আইকন রোমারিও বা কাফুর মতো সাবেক তারকারা এই বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন। এমনকি বর্তমান স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য ভিনিসিয়ুস জুনিয়র এবং রদ্রিগো গোয়েসও প্রকাশ্যে নেইমারের পাশে দাঁড়িয়েছেন।আসন্ন ১৮ মে আনচেলত্তি আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন বলে জানা গেছে। 

সেই দিনই নিশ্চিত হওয়া যাবে নেইমার কি আসলেই ব্রাত্য থাকছেন নাকি শেষ মুহূর্তে অভিজ্ঞতার বিচারে তাকে দলে রাখা হবে। ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্নে নেইমারের থাকা না থাকা নিয়ে এখন দেশটির কোটি কোটি ভক্তের মাঝে চরম উত্তেজনা ও উৎকণ্ঠা বিরাজ করছে। যদি শেষ পর্যন্ত নেইমারকে ছাড়াই ব্রাজিল মাঠে নামে তবে সেটি হবে গত দেড় দশকের মধ্যে জাতীয় দলের সবচেয়ে বড় বাঁক বদলের ঘটনা।