এপ্রিল ৭, ২০২৬, ০৫:৩৯ পিএম
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের একটি শক্তিশালী অ্যাডহক কমিটি গঠন করেছে। আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) এক আনুষ্ঠানিক আদেশের মাধ্যমে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড বিলুপ্ত ঘোষণা করা হয়।
নতুন এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের ক্রিকেটের অন্যতম সফল ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবিতে বড় ধরনের পরিবর্তনের লক্ষ্যেই এনএসসি এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।
নবগঠিত এই অ্যাডহক কমিটিতে ক্রিকেট ব্যক্তিত্বদের পাশাপাশি আইনি ও ব্যবসায়িক খাতের দক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তামিম ইকবালের নেতৃত্বে এই কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার আতহার আলী খান।
এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন— রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, তানজিল চৌধুরী, ইসরাফিল খসরু, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু এবং ফাহিম সিনহা।ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, গত নির্বাচনে অনিয়মের অভিযোগ ও প্রশাসনিক স্থবিরতার কারণে এনএসসি গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই বর্তমান বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নবগঠিত এই ১১ সদস্যের কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে। সেই নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করাই হবে এই অ্যাডহক কমিটির প্রধান কাজ।তামিম ইকবালের এই নতুন দায়িত্ব গ্রহণ দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি করেছে।
বিশেষ করে বোর্ড পরিচালনায় সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণ বাড়ানোর যে দাবি দীর্ঘদিন ধরে ছিল, এই কমিটির মাধ্যমে তা অনেকাংশেই প্রতিফলিত হয়েছে। এখন দেখার বিষয়, আগামী ৯০ দিনের মধ্যে তামিম ইকবালের নেতৃত্বাধীন এই কমিটি দেশের ক্রিকেটে কতটা শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন