বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

‘কাপুরুষ’ বলে ৬ নম্বর লাল কার্ড পেলেন আর্জেন্টাইন ফুটবলার

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৬, ০৬:৫৬ পিএম

‘কাপুরুষ’ বলে ৬ নম্বর লাল কার্ড পেলেন আর্জেন্টাইন ফুটবলার

লাল কার্ড দেখে ক্ষুব্ধ রোহো

আর্জেন্টাইন ফুটবল মাঠে মেজাজ হারিয়ে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার মার্কাস রোহো। গত রোববার রেসিং ও রিভার প্লেটের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়কে আঘাত এবং রেফারিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে।

 আর্জেন্টাইন ফুটবলে এটি রোহোর ষষ্ঠ লাল কার্ড হওয়ার পাশাপাশি রেফারির প্রতি তাঁর আচরণ এখন ফুটবল অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ম্যাচের শেষ দিকে রিভার প্লেটের লুকাস মার্টিনেজ কুয়ার্তাকে কনুই দিয়ে আঘাত করেন মার্কাস রোহো। ঘটনাটি তাৎক্ষণিকভাবে রেফারির নজর না এড়ালেও ভিএআর বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় বিষয়টি পুনরায় পর্যবেক্ষণ করা হয়। এরপরই রেফারি সেবাস্টিয়ান জুনিনো রোহোকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন। 

তবে সিদ্ধান্তটি মেনে নিতে পারেননি ৩৬ বছর বয়সী এই তারকা। মাঠ ছাড়ার সময় তিনি রেফারির অত্যন্ত কাছে গিয়ে ক্ষুব্ধ ভাষায় আক্রমণ শুরু করেন।আর্জেন্টাইন সংবাদমাধ্যম এল গ্রাফিকোর প্রতিবেদন অনুযায়ী, রেফারি সেবাস্টিয়ান জুনিনো তাঁর ম্যাচ রিপোর্টে রোহোর আচরণের কড়া সমালোচনা করেছেন। রিপোর্টে উল্লেখ করা হয়, রোহো রেফারিকে লক্ষ্য করে বলেছিলেন, ‘তোমাকে এখানে কে বসিয়েছে? তুমি একটা আস্ত বিপর্যয় এবং তুমি একজন কাপুরুষ।’ এখানেই শেষ নয়, মাঠ থেকে বের হওয়ার সময়ও তিনি বারবার রেফারিকে অপমানজনক গালিগালাজ করতে থাকেন।

 

এমনকি তাঁর এমন আচরণের প্রতিবাদ করতে গিয়ে রেসিং ক্লাবের সহকারী কোচ হোসে ফ্রান্সিসকো বার্সেও লাল কার্ড পেয়েছেন।পরিসংখ্যান বলছে, আর্জেন্টাইন ঘরোয়া ফুটবলে এটি রোহোর ষষ্ঠ লাল কার্ড এবং এর মধ্যে তিনটিই এসেছে রিভার প্লেটের বিপক্ষে ম্যাচে। সরাসরি লাল কার্ড পাওয়া এবং রেফারির সঙ্গে পেশাদারিত্ব বিরোধী আচরণের কারণে ডিসিপ্লিনারি কমিটি তাঁকে একাধিক ম্যাচের জন্য নিষিদ্ধ করতে পারে বলে গুঞ্জন রয়েছে। ক্যারিয়ারের সায়াহ্নে এসে এমন শৃঙ্খলাভঙ্গ তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে একটি নেতিবাচক দাগ ফেলল বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

উল্লেখ্য যে, ২০১১ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া মার্কাস রোহো আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে ৬৮টি ম্যাচ খেলেছেন। তিনি ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপের আর্জেন্টিনা রক্ষণভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। বিশেষ করে ২০১৮ বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে তাঁর করা সেই দুর্দান্ত জয়সূচক গোলটি আজও কোটি ফুটবল ভক্তের মনে গেঁথে আছে। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে দূরে থাকলেও ঘরোয়া ফুটবলে তাঁর এমন খিটখিটে মেজাজ ও বারবার লাল কার্ড পাওয়ার ঘটনা নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে।