শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

বিশ্বকাপ দল ঘোষণার আগের দিন মারাত্মক ভুলের শিকার নেইমার

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৮, ২০২৬, ১০:৫০ এএম

বিশ্বকাপ দল ঘোষণার আগের দিন মারাত্মক ভুলের শিকার নেইমার

নেইমার

ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ দল ঘোষণার ঠিক আগের দিন এক মারাত্মক ভুলের শিকার হয়েছেন তারকা ফুটবলার নেইমার জুনিয়র। রোববার ক্লাব ফুটবলে সান্তোসের হয়ে করিন্তিবার বিপক্ষে ম্যাচ চলাকালে নেইমারকে ভুলবশত মাঠ থেকে তুলে নেওয়া হয়। ব্রাজিলিয়ান সিরি আ-র এই ম্যাচে ঘরের মাঠে করিন্তিবার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে পয়েন্ট টেবিলের ১৬তম স্থানে নেমে গেছে সান্তোস।

ম্যাচের দ্বিতীয়রর্ধে ৬৮ মিনিটের দিকে নেইমার পায়ে অস্বস্তি অনুভব করায় সাইডলাইনে চিকিৎসা নিচ্ছিলেন।ঠিক তখনই চতুর্থ রেফারি বড় এক ভুল করে বসলেন। তিনি ভুলবশত গনজালো এসকোবারের বদলে ১০ নম্বর জার্সিধারী নেইমারকে মাঠ থেকে তুলে নেওয়ার সংকেত দেখান। 

কোচিং স্টাফের মূল পরিকল্পনা ছিল ডিফেন্ডার এসকোবারকে তুলে নেওয়ার, কিন্তু ভুলবশত নেইমারকেই মাঠ ছাড়তে বাধ্য করা হয়। এই বিতর্কিত সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন ব্রাজিলিয়ান এই তারকা এবং তীব্র প্রতিবাদ করায় রেফারি তাকে সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখান।

মাঠ ছাড়ার সময় তিনি সরাসরি ক্যামেরার সামনে গিয়ে সাবস্টিটিউশনের কাগজ দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করেন যে সিদ্ধান্তটি পুরোপুরি ভুল ছিল। এই ম্যাচে নেইমার বেশ ছন্দে ছিলেন এবং আগের তিন ম্যাচে দুই গোল ও এক অ্যাসিস্ট করা এই ফুটবলার মাঠে থাকলে দলের ভাগ্য বদলাতে পারত। 

আজ সোমবার ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করার কথা থাকায় নেইমারকে ভুলবশত মাঠ থেকে তুলে নেওয়ার এই নাটকীয় ঘটনাটি তাকে জাতীয় দলে নেওয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।