মে ২৯, ২০২৬, ১০:২৩ এএম
ব্রাজিল জাতীয় দলের আসন্ন প্রীতি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন তারকা ফরোয়ার্ড নেইমার। একই সঙ্গে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের চিকিৎসক রদ্রিগো লাসমার গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।তাঁর ডান পায়ের কাফে গ্রেড-টু ইনজুরি ধরা পড়েছে।
জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর এমআরআই স্ক্যানে এই চোটের বিষয়টি ধরা পড়ে। সিবিএফের চিকিৎসকেরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হতে নেইমারকে আরও দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
চোটের কারণে আগামী রোববার মারাকানায় পানামার বিপক্ষে এবং ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে তিনি খেলতে পারবেন না। এমনকি আগামী ১৩ জুন নিউ জার্সিতে আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপের প্রথম ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা নেই।
ব্রাজিল দল ঘোষণার আগে তাঁর বর্তমান ক্লাব সান্তোসের চিকিৎসক রদ্রিগো জোগাইব জানিয়েছিলেন, নেইমারের সমস্যাটি কেবল সামান্য ফোলাভাব এবং তিনি ফিট আছেন। তবে জাতীয় দলের মেডিক্যাল পরীক্ষায় ভিন্ন চিত্র সামনে এসেছে। বিশ্বকাপে ব্রাজিল গ্রুপ `সি`-তে খেলবে, যেখানে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।
এদিকে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগামী রোববারের ম্যাচে ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস, মার্কিনিওস এবং ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকেও পাচ্ছেন না।চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিয়ে ব্যস্ত থাকায় তাঁরা আপাতত জাতীয় দলের বাইরে রয়েছেন। ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার গত কয়েক বছর ধরেই টানা চোটের সমস্যায় ভুগছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন