বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

একসঙ্গে ১০ খেলোয়াড় বদলে ব্রাজিলের ৬ গোলের বিশাল উৎসব

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১, ২০২৬, ০৯:৪৫ এএম

একসঙ্গে ১০ খেলোয়াড় বদলে ব্রাজিলের ৬ গোলের বিশাল উৎসব

মারাকানা স্টেডিয়াম

বিশ্বকাপের মূল মঞ্চে লড়াইয়ে নামার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে এক দুর্দান্ত ও দাপুটে জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ঘরের মাঠ বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে পানামাকে ৬-২ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা। 

দলের হয়ে ভিনিসিয়ুস জুনিয়র, কাসেমিরো, রায়ান, লুকাস পাকেতা, ইগর থিয়াগো ও দানিলো—এই ছয়জন ভিন্ন ভিন্ন খেলোয়াড় গোল উৎসবে মেতে সমর্থকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন।তবে এই বড় ব্যবধানের জয়ের রাতেও ম্যাচের প্রথমার্ধের মলিন খেলা নিয়ে কিছুটা অস্বস্তি প্রকাশ করেছেন দলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচের প্রথমার্ধে ব্রাজিলকে ৪-২-৪ ফরমেশনে খেলানোয় মাঝমাঠের দুই মিডফিল্ডার ব্রুনো গিমেরেস ও কাসেমিরোকে চরম চাপের মধ্যে পড়তে হয়েছিল। উইঙ্গারদের দূরপাল্লার পাস কিংবা বাতাসে ভাসিয়ে আক্রমণ করার কৌশলগুলো এ সময় খুব একটা কাজে আসেনি। 

অবশ্য ম্যাচের দ্বিতীয় মিনিটেই ভিনির গোলে ব্রাজিল এগিয়ে গেলেও চতুর্দশ মিনিটে ম্যাথিউস কুনহার গায়ে লেগে দিক পরিবর্তন করে বল জালে জড়ালে সমতায় ফেরে পানামা। তবে প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে ভিনির এক চমৎকার ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করে ব্যবধান ২-১ করেন অভিজ্ঞ কাসেমিরো।বিরতির পর দ্বিতীয়ার্থের শুরুতেই কোচ আনচেলত্তি দলের কৌশল পুরোপুরি বদলে একসঙ্গে ১০ জন খেলোয়াড় মাঠে নামান।

নতুন ৪-৩-৩ ফরমেশনে মাঝমাঠে ফ্যাবিনিওর সঙ্গে লুকাস পাকেতা ও দানিলোর দারুণ মেলবন্ধনে খেলা সম্পূর্ণ ব্রাজিলের নিয়ন্ত্রণে চলে আসে। এ সময়ে সেলেসাওদের হয়ে একে একে দুর্দান্ত গোল করেন তরুণ ফরোয়ার্ড রায়ান, পাকেতা, থিয়াগো ও ডিফেন্ডার দানিলো। ম্যাচ শেষে কোচ আনচেলত্তি খেলোয়াড়দের মধ্যে সুস্থ প্রতিযোগিতার প্রশংসা করার পাশাপাশি ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা তারকা ফুটবলার নেইমারের দলে ফেরার অধ্যায়টি আপাতত শেষ হয়ে গেছে বলে ইঙ্গিত দেন।