বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বিশ্বকাপের আগে ইরানকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৬, ২০২৬, ১২:১৮ পিএম

বিশ্বকাপের আগে ইরানকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ইরানের জাতীয় ফুটবল দলকে ভিসা প্রদান করেছে যুক্তরাষ্ট্র। প্রতিযোগিতার শুরুর মাত্র দশ দিন আগে এই অনিশ্চয়তার অবসান ঘটল। ভিসা অনুমোদনের বিলম্বের কারণে এর আগে ইরান তাদের প্রস্তুতি ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে মেক্সিকোর তিজুয়ানায় সরিয়ে নিতে বাধ্য হয়েছিল।

ভিসা জটিলতা কাটিয়ে বিশ্বকাপে অংশগ্রহণের পথ এখন অনেকটাই পরিষ্কার।শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে টম ব্যারাক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্বকাপে অংশগ্রহণকারী ইরানি দলের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাস প্রশংসনীয় কাজ করেছে। 

তবে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজের খবর অনুযায়ী, দলের কিছু কারিগরি ও প্রশাসনিক কর্মকর্তার ভিসা এখনো ঝুলে আছে।ইরান ফুটবল ফেডারেশন এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পূর্বে জানিয়েছিলেন, ইরানের প্রতিনিধি দলে এমন কাউকেই প্রবেশাধিকার দেওয়া হবে না যাদের সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সম্পর্ক রয়েছে। এর আগে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে ইরান তাদের বেস ক্যাম্প পরিবর্তন করতে বাধ্য হয়েছিল। সবকিছু ঠিক থাকলে ৭ জুন মেক্সিকোয় দলের পৌঁছানোর কথা রয়েছে।