বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই তিন লাল কার্ড

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১৩, ২০২৬, ০৯:৫১ এএম

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই তিন লাল কার্ড

প্রথম ম্যাচেই তিন লাল কার্ড

বিশ্বকাপের প্রথম দিনেই ফুটবল বিশ্ব দেখলো এক নজিরবিহীন ঘটনা। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচেই রেফারি তিন তিনটি লাল কার্ড দেখিয়েছেন। মেক্সিকোর ঐতিহ্যবাহী অ্যাজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিকরা ২-০ গোলে জিতলেও সব আলোচনা এখন রেফারিদের কঠোরতা নিয়ে।এক ম্যাচেই তিন ফুটবলারকে মাঠ ছাড়তে হয়েছে।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে প্রথম লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার ইয়াইয়া সিথোলে। মেক্সিকোর ব্রায়ান গুতিয়েরেস নিশ্চিত গোলের উদ্দেশ্যে ছুটে যাওয়ার সময় পেছন থেকে তাকে ফাউল করেন সিথোলে। রেফারি উইল্টন সাম্পায়ো সরাসরি তাকে মাঠের বাইরে পাঠিয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তথা ভিএআরের সহায়তায় সহিংস আচরণের দায়ে লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার থেম্বা জোয়ানে।

ম্যাচের শেষ মুহূর্তে যোগ করা সময়ে মেক্সিকোর সিজার মন্টেসও লাল কার্ডের মুখোমুখি হন। দক্ষিণ আফ্রিকার খুলিসো মুদাউকে গোলের স্পষ্ট সুযোগের মুখে বেপরোয়া ট্যাকল করায় তাকে মাঠ ছাড়তে হয়। রাশিয়া ও কাতার বিশ্বকাপের পুরো আসর মিলিয়ে যেখানে লাল কার্ডের সংখ্যা ছিল অত্যন্ত সীমিত, সেখানে এই আসরের শুরুতেই এমন কঠোরতা নতুন বার্তা দিচ্ছে। বিশেষ করে কাতার বিশ্বকাপের পুরো টুর্নামেন্টে মাত্র চারটি লাল কার্ড দেখানো হয়েছিল।

মাঠের দুটি সরাসরি লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে তেমন কোনো বিতর্ক না থাকলেও জোয়ানের কার্ডটি নিয়ে ফুটবল বিশেষজ্ঞদের মধ্যে দ্বিধাবিভক্তি তৈরি হয়েছে। অনেকের মতে ঘটনাটি হলুদ কার্ডের মধ্যেই সীমাবদ্ধ রাখা যেত। তবে মাঠের অসদাচরণ কমাতে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এবার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে ধারণা করা হচ্ছে।

অবশ্য একটিমাত্র ম্যাচের ওপর ভিত্তি করে রেফারিদের নিয়ে চূড়ান্ত মূল্যায়নে পৌঁছানো ঠিক হবে না। পুরো টুর্নামেন্ট শেষেই বোঝা যাবে এই আসরটি কতটা কঠোরতার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। আপাতত ফুটবলপ্রেমীদের চোখ রেফারিদের পরবর্তী ম্যাচগুলোর সিদ্ধান্ত গ্রহণের দিকে।