বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ফুটবলে মুখ ঢেকে কথা বলায় লাল কার্ডের নতুন নিয়ম

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২০, ২০২৬, ০১:৫০ পিএম

ফুটবলে মুখ ঢেকে কথা বলায় লাল কার্ডের নতুন নিয়ম

ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো মুখ ঢেকে তর্কে জড়ানোর অপরাধে লাল কার্ড দেওয়ার এক নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। প্যারাগুয়ে এবং তুরস্কের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচে প্যারাগুয়ের ফুটবলার মিগুয়েল আলমেরন এই নতুন আইনের অধীনে মাঠ থেকে বহিষ্কৃত হন। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সাথে তর্কে জড়ানোর সময় তিনি নিজের মুখ ঢেকে কথা বলছিলেন। মাঠের ক্যামেরার নজরদারি এবং রেফারির চোখ এড়াতে খেলোয়াড়দের মুখ লুকানোর এই প্রবণতা বন্ধে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন এই কঠোর নিয়ম চালু করেছে।

ফুটবল বিশ্বে এই নতুন নিয়মটি মূলত প্রেস্টিয়ানি আইন নামে পরিচিতি লাভ করেছে।উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে জিয়ান লুকা প্রেস্টিয়ানি নিজের জার্সি দিয়ে মুখ ঢেকে রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়রকে বর্ণবৈষম্যমূলক গালি দিয়েছিলেন। বর্ণবাদ এবং কুরুচিপূর্ণ মন্তব্য লুকিয়ে করার এই চতুর কৌশল রেফারি ও ক্যামেরার সামনে ধরা না পড়ায় ফুটবল মহলে ব্যাপক সমালোচনা হয়। 

এই ঘটনার পর আন্তর্জাতিক ফুটবলের নীতি নির্ধারকেরা কনফ্রন্টেশন বা প্রতিপক্ষের সাথে বিরোধের সময় মুখ ঢাকা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন। তবে সতীর্থদের সাথে নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলার ক্ষেত্রে এই আইন কোনো বাধা সৃষ্টি করবে না।এই আসরে মুখ ঢাকা আইনের পাশাপাশি ফুটবল খেলায় গতি আনতে আরও বেশ কিছু নিয়মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। গোলকিপারদের সময় নষ্ট করা বন্ধ করতে রেফারি এখন থেকে পাঁচ সেকেন্ডের একটি বিশেষ কাউন্টডাউন বা সময় গণনা চালু করবেন। 

ব্রাজিল এবং হাইতির মধ্যকার ম্যাচে এই নিয়মের প্রথম প্রয়োগ দেখা গেছে যেখানে নির্ধারিত সময়ে গোল কিক না নেওয়ায় প্রতিপক্ষকে কর্নার কিক দেওয়া হয়। একই ধরনের পাঁচ সেকেন্ডের নিয়ম থ্রোইনের ক্ষেত্রেও কার্যকর করা হয়েছে যেখানে বিলম্ব করলে প্রতিপক্ষ দল থ্রোইনের সুযোগ পাবে।খেলোয়ার পরিবর্তনের ক্ষেত্রেও নিয়মে গতি আনা হয়েছে যেখানে মাঠ থেকে নামা ও ওঠার পুরো প্রক্রিয়া ১০ সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে। কোনো খেলোয়াড় যদি নির্ধারিত ১০ সেকেন্ডের মধ্যে মাঠে প্রবেশ করতে ব্যর্থ হন তবে শাস্তি হিসেবে পরবর্তী এক মিনিট তাকে বাইরে অপেক্ষা করতে হবে। 

এর ফলে সংশ্লিষ্ট দলটিকে মাঠের ভেতর ১০ জনের স্কোয়াড নিয়ে এক মিনিট খেলা চালিয়ে যেতে হবে। এছাড়া আহত খেলোয়াড়দের প্রাথমিক চিকিৎসা মাঠের বাইরে সম্পন্ন করার পর সুস্থ হলেও পরবর্তী এক মিনিট মাঠে নামার অনুমতি দেওয়া হবে না।ফুটবলের এই নতুন নিয়মগুলো মাঠের বিশৃঙ্খলা কমানোর পাশাপাশি খেলাকে অনেক বেশি গতিশীল ও আকর্ষণীয় করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বর্ণবাদ ও অনৈতিক আচরণ রুখতে মুখ ঢাকা নিষিদ্ধের এই সিদ্ধান্ত ক্রীড়াঙ্গনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল। আন্তর্জাতিক ফুটবলের এই যুগান্তকারী পরিবর্তনগুলো আগামী দিনগুলোতে মাঠের খেলার দৃশ্যপট পুরোপুরি বদলে দেবে।