শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

রেফারিকে চোর বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৪, ২০২৬, ১২:৫০ এএম

রেফারিকে চোর বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

বিশ্বকাপের ম্যাচ চলাকালীন সরাসরি সম্প্রচারে রেফারিকে ‘চোর’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করায় টুর্নামেন্টের বাকি অংশ থেকে নিষিদ্ধ হয়েছেন প্যারাগুয়ের জনপ্রিয় ধারাভাষ্যকার হোর্হে ‘চিপি’ ভেরা। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে চলতি বিশ্বকাপে তাঁর প্রাতিষ্ঠানিক অ্যাক্রেডিটেশন সম্পূর্ণ বাতিল করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তুরস্কের বিপক্ষে প্যারাগুয়ের গ্রুপ পর্বের ম্যাচে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

ওই ম্যাচে প্যারাগুয়ের এক খেলোয়াড় লাল কার্ড দেখলে চরম ক্ষোভ প্রকাশ করেন এই ধারাভাষ্যকার।ম্যাচ চলাকালীন প্যারাগুয়ের মিডফিল্ডার মিগেল আলমিরন প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে মুখ ঢেকে কথা বলায় ফিফার নতুন নিয়ম অনুযায়ী সরাসরি লাল কার্ড দেখেন। 

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে প্যারাগুয়ের এবিসি নেটওয়ার্কের হয়ে ধারাভাষ্য দেওয়া ভেরা সরাসরি সম্প্রচারে রেফারি এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে অত্যন্ত কঠোর ভাষায় মন্তব্য করেন। তিনি রেফারিকে চোর বলার পাশাপাশি ফিফা ফুটবলকে ধ্বংস করছে বলে অভিযোগ তোলেন। একই সাথে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের সভাপতিকেও তীব্র আক্রমণ করেন তিনি।

বিতর্কিত এমন মন্তব্যের পর সমালোচনার মুখে পড়ে পরবর্তীতে নিজের বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন ভেরা। নিজের ভুল স্বীকার করে ফিফার কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠালেও শেষ রক্ষা হয়নি তাঁর। ফিফা তাদের সিদ্ধান্তে অনড় থাকায় টুর্নামেন্টের বাকি অংশে তিনি আর স্টেডিয়ামের ভেতরে বা বাইরে কোনো ধরনের আনুষ্ঠানিক কভারেজে অংশ নিতে পারবেন না। এদিকে ভেরার কর্মস্থল প্যারাগুয়ের সম্প্রচারমাধ্যম এবিসি কার্ডিনাল ফিফার এই সিদ্ধান্তকে অতিরিক্ত কঠোর দাবি করে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।