শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

নকআউটের লড়াইয়ে মুখোমুখি প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৬, ২০২৬, ১০:০০ এএম

নকআউটের লড়াইয়ে মুখোমুখি প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে মুখোমুখি হয়েছে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকোয় শুরু হওয়া এই ম্যাচে জয়ী দল নিশ্চিত করবে শেষ ৩২-এর টিকিট।ম্যাচটি ড্র হলে দুই দলেরই সুযোগ থাকবে।

তবে গোল ব্যবধানের কারণে অপেক্ষাকৃত বেশি চাপে রয়েছে প্যারাগুয়ে। চলতি আসরে গ্রুপ পর্বে দুই দলের পথচলাও প্রায় একই রকম। তুরস্ককে হারিয়ে এবং স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে হেরে তিন পয়েন্ট নিয়ে এই ম্যাচে নেমেছে উভয় দল। ইতোমধ্যে এই গ্রুপ থেকে যুক্তরাষ্ট্র নকআউট নিশ্চিত করেছে এবং তুরস্ক বিদায় নিয়েছে।

র‌্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান খুব বেশি নয়। অস্ট্রেলিয়া রয়েছে ২৬তম স্থানে এবং প্যারাগুয়ের অবস্থান ৩৭। শক্তির বিচারে ম্যাচটিকে সমানে সমান লড়াই হিসেবে দেখা হলেও প্যারাগুয়ের সামনে বড় চ্যালেঞ্জ তাদের আক্রমণভাগ। তার ওপর লাল কার্ডের কারণে দলের অন্যতম ভরসা মিগুয়েল আলমিরনের অনুপস্থিতি লাতিন আমেরিকার দলটির জন্য বড় ধাক্কা।

প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলফারো ভক্তদের জন্য দৃঢ়প্রতিজ্ঞ বার্তা দিয়েছেন। অন্যদিকে অস্ট্রেলিয়া দলও রক্ষণভিত্তিক ফুটবলের পাশাপাশি সেট পিস ও ক্রস থেকে কার্যকর সুযোগ তৈরির পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। তরুণ ফুটবলার নেস্তর ইরানকুন্দা শুরুর একাদশে থাকবেন কি না, তা নিয়েও আলোচনা চলছে।