জুন ২৯, ২০২৬, ০৫:৩৪ পিএম
২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের রোমাঞ্চকর লড়াই ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। শুরু হওয়া ৪৮টি দেশের মহাযজ্ঞ থেকে বেশ কিছু বড় নাম ছিটকে পড়ায় টুর্নামেন্টটি এখন ৩২টি দলের তীব্র নকআউট লড়াইয়ে এসে ঠেকেছে। শেষ বত্রিশের প্রতিপক্ষ চূড়ান্ত হওয়ার পর পরবর্তী ধাপগুলোর সমীকরণ স্পষ্ট হতেই বিশ্বখ্যাত ক্রীড়া পরিসংখ্যান প্রতিষ্ঠান ‘অপটা অ্যানালিস্টের’ সুপারকম্পিউটার ট্রফি জয়ের নতুন গাণিতিক পূর্বাভাস প্রকাশ করেছে।
সুপারকম্পিউটারের সর্বশেষ গাণিতিক মডেলে এবার ফাইনালে যাওয়ার দৌড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্সকে সবচেয়ে বড় দাবিদার হিসেবে দেখানো হয়েছে।প্রতিবেদনে দেখা গেছে, গ্রুপ পর্বের বাধা টপকে শেষ ষোলোতে ওঠার ক্ষেত্রে কিলিয়ান এমবাপ্পেদের ফ্রান্সের সম্ভাবনা ৮১ দশমিক ৫ শতাংশ। ফরাসিদের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা ৫৮ দশমিক ৩ শতাংশ, সেমিফাইনালে ৪২ দশমিক ৭ শতাংশ এবং ফাইনালে ওঠার সম্ভাবনা ২৮ দশমিক ৪ শতাংশ। তবে শেষ পর্যন্ত ট্রফি জয়ের চূড়ান্ত সম্ভাবনায় ফ্রান্স সবার ওপরে রয়েছে, যার হার ১৮ দশমিক ৭ শতাংশ।
শিরোপা জয়ের চূড়ান্ত দৌড়ে ফ্রান্স এগিয়ে থাকলেও নকআউট পর্বের প্রাথমিক ধাপগুলো সহজে পার হওয়ার ক্ষেত্রে লিওনেল মেসির আর্জেন্টিনা অনেক সুবিধাজনক অবস্থানে রয়েছে। রাউন্ড অব থার্টি টুতে কেপ ভার্দেকে পাওয়া আর্জেন্টিনার শেষ ষোলোর টিকিট কাটার সম্ভাবনা ৮৯ দশমিক ২ শতাংশ, যা টুর্নামেন্টের অন্য সব দলের চেয়ে সর্বোচ্চ।শুধু তাই নয়, কোয়ার্টার ফাইনালে ৭০ দশমিক ৫ শতাংশ, সেমিফাইনালে ৪৯ দশমিক ৬ শতাংশ এবং ফাইনালের মঞ্চে পৌঁছানোর ক্ষেত্রে ৩০ শতাংশ সম্ভাবনা নিয়ে সবার ওপরে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
গাণিতিক হিসাব ইঙ্গিত দিচ্ছে যে ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার পাল্লা ফ্রান্সের চেয়ে ভারী, যদিও শিরোপা ছোঁয়ার চূড়ান্ত মুহূর্তে ফরাসিরা কিছুটা এগিয়ে। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্পেন, যাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৩ দশমিক ৫ শতাংশ। ইংল্যান্ড ৯ দশমিক ৭ শতাংশ সম্ভাবনা নিয়ে স্থানে এবং ব্রাজিলের শিরোপা জয়ের সম্ভাবনা ৬ দশমিক ৫ শতাংশ। এ ছাড়া নেদারল্যান্ডসের ৫ দশমিক ১ শতাংশ, পর্তুগালের ৪ দশমিক ৭ শতাংশ এবং জার্মানির ৪ দশমিক ৪ শতাংশ সম্ভাবনা রয়েছে।
অন্য দলগুলোর মধ্যে কলম্বিয়ার ৩ দশমিক ২ শতাংশ, নরওয়ের ৩ শতাংশ, স্বাগতিক যুক্তরাষ্ট্রের ২ দশমিক ৫ শতাংশ এবং সুইজারল্যান্ডের ২ দশমিক ২ শতাংশ সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মেক্সিকোর ১ দশমিক ৮ শতাংশ, মরক্কো ও বেলজিয়ামের সম্ভাবনা সমান ১ দশমিক ৬ শতাংশ। এশিয়ান পরাশক্তি জাপানের বিশ্বমঞ্চে ট্রফি জয়ের সম্ভাবনা মাত্র ১ শতাংশ বলে অপটার সুপারকম্পিউটার উল্লেখ করেছে। তবে মনে রাখতে হবে এটি কেবলই গাণিতিক খতিয়ান, কারণ মাঠের আসল ৯০ মিনিটের লড়াইয়ে যেকোনো মুহূর্তে সমস্ত সমীকরণ বদলে যেতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন