বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে: উয়েফা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০৯:১৩ পিএম

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে: উয়েফা

যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগুনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করেছে ফিফা। বসনিয়ার বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়ার কারণে আগামীকাল বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে তার খেলার কথা ছিল না। কিন্তু ফিফার নতুন এই সিদ্ধান্তে এখন তিনি মাঠে নামতে পারবেন।ফিফা ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। এই বিধানে উল্লেখ আছে, বিশেষ পরিস্থিতিতে ফিফার ডিসিপ্লিনারি কমিটি যেকোনো নিষেধাজ্ঞার কার্যকারিতা স্থগিত রাখতে পারে।

গণমাধ্যমের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানানোর পরপরই এই সিদ্ধান্ত আসে। তবে এ নিয়ে ফিফা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।ফিফার এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, ফুটবলের স্বচ্ছতা বজায় রাখতে যে নিয়মগুলো অনুসরণ করা হয়, ফিফা এই সিদ্ধান্তের মাধ্যমে তা লঙ্ঘন করেছে। উয়েফা একে ‍‍`অযৌক্তিক‍‍` ও ‍‍`সীমা অতিক্রমকারী‍‍` সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছে।

উয়েফা আরও জানায়, বিশ্বকাপের মতো আসরে এই ধরনের সিদ্ধান্ত প্রতিযোগিতার মূল ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করে। তারা মনে করে, ফুটবলপ্রেমীরা এখনো খেলার নিয়মের ওপর আস্থা রাখেন, কিন্তু এই নজিরবিহীন সিদ্ধান্ত সেই আস্থায় আঘাত করেছে।

এদিকে, ফিফার সিদ্ধান্তে স্তম্ভিত বেলজিয়াম ফুটবল ফেডারেশন (আরবিএফএ)। তারা জানিয়েছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে সম্ভাব্য সব বিকল্প খতিয়ে দেখা হচ্ছে। বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া এই সিদ্ধান্তকে ব্যঙ্গ করে বলেছেন, ৫ জুলাইকে এপ্রিল ফুল দিবস বানিয়ে ফেলেছে ফিফা।বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া জানান, ম্যাচের আগের দিন এমন সিদ্ধান্ত অপ্রত্যাশিত। তিনি বলেন, এর ফলে বেলজিয়াম দল মানসিকভাবে প্রস্তুতির সময় কম পেয়েছে।