জুলাই ১২, ২০২৬, ১০:৫৭ এএম
বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের কাছে প্যারাগুয়ের পরাজয়ের পর কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে করা বর্ণবাদী মন্তব্যের জের এখনো থামেনি। প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিলা এবার ফরাসি এই তারকার বিরুদ্ধেই মানহানি ও অপবাদের অভিযোগে আইনি ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করছেন। শনিবার এ তথ্য প্রকাশ করা হয়।
আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেটর আমারিলার আইনজীবী গুইলার্মো দুয়ার্তে কাকাবেলোস জানিয়েছেন, এমবাপ্পে প্রকাশ্যে তার মক্কেলকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা প্যারাগুয়ের আইনে মানহানি হিসেবে বিবেচিত হতে পারে কি না, তা তারা খতিয়ে দেখছেন। অভিযোগ প্রমাণ হলে প্যারাগুয়ের আইনে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
ঘটনার সূত্রপাত ৪ জুলাই। ম্যাচ শেষে সিনেটর আমারিলা এমবাপ্পের জাতীয়তা ও বংশপরিচয় নিয়ে একাধিক মন্তব্য করেন, যা ব্যাপকভাবে বর্ণবাদী ও বৈষম্যমূলক হিসেবে সমালোচিত হয়। সেই বক্তব্যের জবাবে এমবাপ্পে সিনেটরকে ‘নিজের পদমর্যাদার অযোগ্য এক জঘন্য নারী’ বলে পাল্টা মন্তব্য করেছিলেন বলে দাবি করা হচ্ছে। এখন এই মন্তব্যকেই সম্ভাব্য আইনি লড়াইয়ের হাতিয়ার বানাতে চাইছেন সিনেটর।
তবে বিষয়টি কেবল একতরফা নয়। ফ্রান্সেও সিনেটর আমারিলার বিরুদ্ধে তদন্ত চলছে। ফরাসি কর্তৃপক্ষ তদন্ত করছে, তিনি তার বক্তব্যের মাধ্যমে জাতিগত পরিচয় বা বর্ণের ভিত্তিতে কোনো ব্যক্তিকে প্রকাশ্যে গুরুতরভাবে অপমান করেছেন কি না। অভিযোগ প্রমাণিত হলে তার এক বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৪৫ হাজার ইউরো জরিমানার ঝুঁকি রয়েছে।
এই পুরো ঘটনায় দুই দেশের সরকারপ্রধানের অবস্থানও বেশ স্পষ্ট। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এমবাপ্পের প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যদিকে, প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা সিনেটরের মন্তব্যকে দেশের রাষ্ট্রীয় মূল্যবোধের পরিপন্থী বলে প্রত্যাখ্যান করেছেন।পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যে, পাল্টাপাল্টি আইনি হুমকির মুখে বিতর্কটি আন্তর্জাতিক ফুটবলের গণ্ডি পেরিয়ে কূটনৈতিক জটিলতার দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন