জুলাই ১৪, ২০২৬, ১০:৫৫ পিএম
ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও স্পেন। যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হবে। টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৬ গোল করা ফ্রান্সের বিধ্বংসী আক্রমণভাগের সামনে আজ বড় পরীক্ষা দিতে হবে স্পেনের জমাট রক্ষণভাগকে।
ফ্রান্সের আক্রমণভাগের চার তারকা খেলোয়াড় প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য সবচেয়ে বড় হুমকি। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই ফরাসি আক্রমণভাগকে ঠেকাতে স্পেন ভিন্ন পরিকল্পনা সাজিয়েছে। স্পেনের মূল লক্ষ্য হলো বল নিজেদের নিয়ন্ত্রণে রাখা। ফ্রান্সের বিপক্ষে বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করা এবং আক্রমণের ধারা প্রতিপক্ষের দিকে না যেতে দেওয়াই হবে তাদের অন্যতম কৌশল।
স্পেনের উইঙ্গার আলেক্স বায়েনা জানিয়েছেন, তারা ফ্রান্সকে সম্মান করেন, তবে তারা কেবল রক্ষণভাগ সামলাতে মাঠে নামবেন না। সোমবার সাংবাদিকদের তিনি বলেছেন, ফ্রান্সের আক্রমণভাগ দুর্দান্ত ফর্মে আছে, তাই তাদের ওপর বাড়তি নজর রাখতে হবে। তিনি আরও বলেন, বল দখলে রাখাই তাদের মূল শক্তি। বেশি সময় বল নিয়ন্ত্রণে রেখে আক্রমণ করা এবং ফ্রান্সকে যত কম সম্ভব সুযোগ দেওয়াটাই তাদের লক্ষ্য। এর আগে ইউরো চ্যাম্পিয়নশিপ ও নেশন্স লিগের সেমিফাইনালে স্পেনের এই কৌশল বেশ কার্যকর হয়েছিল।
তবে ভ্রমণের ধকল নিয়ে কিছুটা চিন্তায় আছে স্পেন। ফ্রান্সের তুলনায় স্পেনকে পুরো টুর্নামেন্টে প্রায় ১৬ হাজার কিলোমিটার বেশি পথ পাড়ি দিতে হয়েছে। তবে দলের ফুলব্যাক পেদ্রো পোর্দো বলছেন, তারা ক্লান্তি নিয়ে ভাবছেন না। ম্যাচের জন্য তারা মানসিকভাবে উজ্জীবিত। বায়েনাও একই কথা জানিয়েছেন, তবে ভ্রমণের চাপের বিষয়টি তিনি অস্বীকার করেননি। বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে ম্যাচটি সমানে সমান হবে বলেই মনে করছেন এই স্প্যানিশ উইঙ্গার।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন