বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ড দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৫, ২০২৬, ০৬:৩৪ পিএম

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ড দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব

ছবি - সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বুধবার দিবাগত রাত ১টায় (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টায় এই মহারণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফুটবল ইতিহাসের অন্যতম তীব্র ও আলোচিত প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটি হিসেবে বিবেচিত এই ম্যাচে আবারও এক নতুন অধ্যায় যোগ হতে যাচ্ছে।বিশ্বকাপে এ নিয়ে ষষ্ঠবারের মতো মুখোমুখি হচ্ছে দল দুটি।

দুই দলের ফুটবল বৈরিতা দীর্ঘদিনের। ২০২২ বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। অন্যদিকে, ১৯৬৬ সালের পর দ্বিতীয় শিরোপার অপেক্ষায় থাকা ইংল্যান্ডের লক্ষ্য বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ফাইনালে জায়গা করে নেওয়া। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে দুই দল ১৪ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ইংল্যান্ড ৬টি এবং আর্জেন্টিনা ৩টি ম্যাচে জয়ী হয়েছে। বিশ্বকাপে পাঁচবারের দেখায় ইংল্যান্ড জিতেছে তিনবার এবং আর্জেন্টিনা দুইবার।

১৯৬৬ সালে কোয়ার্টার ফাইনালে আন্তোনিও র‍্যাটিনের লাল কার্ড বিতর্ক থেকে শুরু করে ১৯৮৬ সালের কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার ‍‍`হ্যান্ড অব গড‍‍` ও ‍‍`গোল অব দ্য সেঞ্চুরি‍‍`—দুই দলের প্রতিদ্বন্দ্বিতাকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছিল। পরবর্তীকালে ১৯৯৮ সালে ডেভিড বেকহামের লাল কার্ড ও আর্জেন্টিনার টাইব্রেকারে জয় দুই দলের বৈরিতা ও আবেগকে আরও উসকে দিয়েছিল। সর্বশেষ ২০০৫ সালের প্রীতি ম্যাচে ৩-২ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

আটলান্টায় হতে যাওয়া এবারের সেমিফাইনালে ইতিহাস, আবেগ ও মর্যাদার লড়াইয়ে কোন দল শেষ পর্যন্ত জয়ী হয়ে ফাইনালে ওঠে, এখন সেটাই দেখার অপেক্ষা।