বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

২ জুলাইয়ের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, সতর্কবার্তা

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৩০, ২০২৬, ১০:০৬ পিএম

২ জুলাইয়ের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, সতর্কবার্তা

উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় গভীর বজ্রমেঘ সৃষ্টি হওয়ায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ২ থেকে ৫ জুলাইয়ের মধ্যে সাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া পর্যবেক্ষণকারী স্বেচ্ছাসেবী সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) ৩০ জুন মঙ্গলবার পৃথক বিশেষ বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।লঘুচাপ সৃষ্টির পূর্বাভাসের কারণে উত্তর বঙ্গোপসাগর বর্তমানে কিছুটা উত্তাল রয়েছে।

সংস্থাটির সকালের আবহাওয়া বার্তায় জানানো হয়, উপকূলীয় মেঘমালার প্রভাবে খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, যশোর ও ঝিনাইদহ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। একই অবস্থা বিরাজ করবে বরিশাল বিভাগের প্রায় সব জেলাতেই, তবে মূল বরিশাল জেলায় তুলনামূলক কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান ও রাঙ্গামাটি জেলা এবং চট্টগ্রাম জেলার দক্ষিণ অংশে ভারী বৃষ্টি হতে পারে, যার মধ্যে কক্সবাজার জেলায় অতি ভারী বর্ষণের তীব্র আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার রাতে সংস্থাটির সর্বশেষ সমুদ্র বার্তায় বলা হয়েছে, লঘুচাপ সৃষ্টির প্রক্রিয়ার কারণে পরবর্তীতে উত্তর বঙ্গোপসাগর ব্যাপক উত্তাল হয়ে উঠতে পারে। উদ্ভূত পরিস্থিতির কারণে ওই সময়ে গভীর সাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার ট্রলার ও নৌকাকে সাগরে বিচরণ করা থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন বা নতুন মেঘমালার সৃষ্টি হলে পরবর্তীতে তা নিয়মিত আপডেটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে।