শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

প্রণোদনার ভাগ দিতে রাজি না হওয়ায় শেরপুরে কৃষি কর্মকর্তাকে মারধর করলেন ছাত্রদল নেতা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৬, ২০২৫, ১০:৩৬ পিএম

প্রণোদনার ভাগ দিতে রাজি না হওয়ায় শেরপুরে কৃষি কর্মকর্তাকে মারধর করলেন ছাত্রদল নেতা

শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিনকে প্রণোদনা বিতরণে ছাত্রদলের জন্য ভাগ দিতে রাজি না হওয়ায় তাকে মারধর ও লাঞ্ছিত করার মারাত্মক অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম ও তার সহযোগী ফজলুর বিরুদ্ধে।

কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিন অভিযোগ করেছেন যে, রাহাত এবং ফজলু তার অফিসে এসে সরাসরি কৃষি প্রণোদনা বন্টনে ছাত্রদলের জন্য ভাগ দাবি করেন এবং তিনি এতে অস্বীকৃতি জানালে রাহাত ও তার সহকারী ফজলু ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং পরবর্তীতে তাকে শারীরিকভাবে আক্রমণ করে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম কৃষি কর্মকর্তাকে মারধর করতে করতে তার অফিস কক্ষ থেকে বাইরে নিয়ে যাচ্ছেন।

এই সময় কৃষি কর্মকর্তার চিৎকারে অন্যান্য কর্মকর্তারা এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর রাতেই কৃষি কর্মকর্তা নকলা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম জানিয়েছেন যে, আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য বর্তমানে পুলিশের অভিযান চলছে। অভিযুক্ত রাহাত হাসান কাইয়ুম নকলা পৌরসভার ধুকুরিয়া গ্রামের সুরুজ মওলার ছেলে এবং তার সহযোগী ফজলু একই গ্রামের সিরাজুল হকের ছেলে বলে জানা গেছে। এদিকে, শেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল এই ঘটনাটিকে একেবারেই অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, একজন কর্মরত সরকারি কর্মকর্তার উপর এই ধরনের হামলা দলের শৃঙ্খলা ভঙ্গের শামিল এবং দলীয়ভাবেও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।