ডিসেম্বর ১, ২০২৫, ০৭:৪৫ পিএম
পঞ্চগড়ে ১৮ বিজিবি ব্যাটালিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। গতকাল সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার মো. রবিউল ইসলাম ও সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস।
স্বাগত বক্তব্যে লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, এই ব্যাটালিয়ন ১৯৭৫ সালের ১ ডিসেম্বর কুমিল্লা সেক্টরের আওতাধীন মহিপাল নামক স্থানে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর হতে জয়লস্কর, মারিশ্যা, রংপুর, ওয়াগ্গাছড়া, কাপ্তাই, নেত্রকোনা, বালিপাড়া, চুয়াডাঙ্গা এবং ছোটহরিণাসহ দেশের বিভিন্ন স্থানে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে এসেছে। ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি ব্যাটালিয়নটি পঞ্চগড়ে দায়িত্বভার গ্রহণ করে।
তিনি আরও জানান, পঞ্চগড়ে দায়িত্বভার গ্রহণের পর থেকে ১৩৫.৫৯ কিমি দায়িত্বপূর্ণ এলাকায় ১৯টি বিওপি (বর্ডার আউটপোস্ট) ও একটি আইসিপি (ইন্টিগ্রেটেড চেকপোস্ট)-এর দায়িত্ব পালন করছে। চলতি বছরেই এই ব্যাটালিয়ন ১৬ জন আসামি সহ এক কোটি ৭৯ লাখ টাকার অধিক চোরাচালানী মালামাল আটক করেছে।সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে পঞ্চগড় জেলার সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন