রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতে শেষ হলো জোড় ইজতেমা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৫, ১০:৩৩ এএম

টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতে শেষ হলো জোড় ইজতেমা

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের আয়োজিত পাঁচ দিনব্যাপী পুরানাদের জোড় ইজতেমা। মঙ্গলবার (২ ডিসেম্বর) লাখো মুসল্লির উপস্থিতিতে তুরাগপাড় রূপ নেয় মানবসমুদ্রে।

সময়: এদিন সকাল ৮টা ৫১ মিনিটে মোনাজাত শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হয়।পরিচালনা: মোনাজাত পরিচালনা করেন পাকিস্তানের আলেম মাওলানা আহমেদ বাটলা।

মোনাজাত চলাকালে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় গভীর আধ্যাত্মিক পরিবেশ এবং ‘আমিন…আমিন’ ধ্বনিতে কম্পিত হয়ে ওঠে সমগ্র টঙ্গী। অনেকেই আবেগে কান্নায় ভেঙে পড়েন।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এবারের জোড় ইজতেমায় ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মেহমান অংশগ্রহণ করেছেন। পাকিস্তান, ভারত, সৌদি আরব, কানাডা, জাপান, মালয়েশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়াসহ বহু দেশের মুসল্লিদের অংশগ্রহণে ইজতেমা এলাকা মুখরিত ছিল।

জোড় ইজতেমা চলাকালে বিভিন্ন সময়ে ৬ জন মুসল্লি মারা গেছেন। নিয়ম অনুযায়ী তাদের জানাজা সম্পন্ন করে মরদেহ নিজ নিজ এলাকায় পাঠানো হয়েছে।আখেরি মোনাজাত শেষে কয়েক হাজার চিল্লার জামাত ও তিন চিল্লার জামাত মাঠ থেকেই বের হয়ে যান আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিতব্য খুরুযের জোড়ের প্রস্তুতির উদ্দেশ্যে।

বাকি মুসল্লিরা মোকামি কাজ ও আনেওয়ালা জোড়ের মেহনত নিয়ে নিজ নিজ এলাকায় ফিরে যান।এদিকে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নির্বাচন শেষে টঙ্গীতে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতি চলছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।