ডিসেম্বর ২১, ২০২৫, ১২:৪৬ পিএম
নিরাপত্তা জনিত উদ্বেগের কারণে বন্দরনগরী চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টারের (আইভেক) সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার ২১ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেন্টারের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে বলে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইটে এক জরুরি বার্তায় নিশ্চিত করা হয়েছে।
আকস্মিক এই ঘোষণার ফলে চট্টগ্রামের হাজার হাজার ভিসা প্রত্যাশী চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে যারা চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছেন।
ভারতীয় ভিসা কেন্দ্রের পক্ষ থেকে প্রকাশিত বার্তায় স্পষ্টভাবে জানানো হয়েছে যে চট্টগ্রামে সাম্প্রতিক নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনা করে পুনরায় সেন্টারটি চালু করার বিষয়ে পরবর্তীতে জানানো হবে। এর আগেও রাজধানীর ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তা পুনরায় চালু করা হয়। এবার চট্টগ্রামে একই ধরণের পদক্ষেপ নেওয়া হলো যা স্থানীয় পর্যটন ও বাণিজ্যিক যাতায়াতের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য যে গত কয়েক দিন ধরে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অস্থিরতা ও নিরাপত্তা শঙ্কার খবর পাওয়া যাচ্ছিল। এর প্রেক্ষিতে ভারতীয় হাইকমিশন তাদের কর্মকর্তা ও সেবাগ্রহীতাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভিসা সেন্টারটি আকস্মিক বন্ধ হয়ে যাওয়ায় আজ সকাল থেকে কেন্দ্রে আসা অনেক সাধারণ মানুষ ফিরে গেছেন। হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে পুনরায় কার্যক্রম শুরু হলে আবেদনকারীদের মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে জানানো হবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত নতুন কোনো আবেদন গ্রহণ বা পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে না।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন