শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

‘দলের প্রতি কোনো ক্ষোভ নেই’: স্বতন্ত্র প্রার্থী হয়ে যা বললেন রুমিন ফারহানা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২, ২০২৬, ০৩:২৮ পিএম

‘দলের প্রতি কোনো ক্ষোভ নেই’: স্বতন্ত্র প্রার্থী হয়ে যা বললেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। শুক্রবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানান।

রুমিন ফারহানা ছাড়াও এই আসন থেকে দাখিল করা অন্য ১০ জন প্রার্থীর সবার মনোনয়নপত্রই বৈধ পাওয়া গেছে।

বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার এই ঘোষণা রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। মনোনয়নপত্র বৈধ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা ও দলের প্রতি তার বর্তমান দৃষ্টিভঙ্গি পরিষ্কার করেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা জানান, তাকে দলীয় মনোনয়ন না দেওয়ায় বিএনপির প্রতি তার কোনো কষ্ট বা ক্ষোভ নেই। তিনি স্মরণ করেন যে, দলের দুঃসময়ে বেগম খালেদা জিয়া তাকে যে দায়িত্ব দিয়েছিলেন, তা অনেক ক্ষেত্রে তার বয়স বা অভিজ্ঞতার চেয়েও বড় ছিল। ২০১৯ সালে সংসদে যোগ দেওয়ার পর থেকে নিজের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, দলের নির্দেশে ২০২২ সালের ডিসেম্বরে যখন তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল, তিনি এক মুহূর্তও দ্বিধা না করে তা পালন করেছিলেন।

বর্তমানে দল যদি নতুন কোনো নেতৃত্বকে বেছে নেয়, তবে তিনি তাকে স্বাগত জানাতে প্রস্তুত। তবে দল থেকে বহিষ্কৃত হলেও নিজের রাজনৈতিক লড়াই এবং আদর্শ থেকে বিচ্যুত না হয়ে রাজনীতি চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে রুমিন ফারহানা অভিযোগ করেন যে, কিছু কিছু জায়গায় তার কর্মীদের মামলার ভয় দেখানো হচ্ছে।

তিনি স্পষ্ট করে বলেন, নেতাকর্মীদের নিরাপত্তা বিঘ্নিত করার মতো কোনো ঘটনা ঘটলে বা নির্বাচনের ওপর প্রভাব ফেলে এমন কিছু হলে তিনি তাৎক্ষণিকভাবে প্রশাসনের কাছে অভিযোগ জানাবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। নিজের নির্বাচনি এলাকায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষে তিনি প্রশাসনের সক্রিয় ভূমিকাও প্রত্যাশা করেন।