শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

রাষ্ট্রীয় পদক পেলেন মদনের ফায়ার ফাইটার আশরাফ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২, ২০২৬, ০৩:৫৮ পিএম

রাষ্ট্রীয় পদক পেলেন মদনের ফায়ার ফাইটার আশরাফ

অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে অসামান্য বীরত্ব ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় ‘প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’ পদক অর্জন করেছেন নেত্রকোনার মদন উপজেলার কৃতী সন্তান মো. আশরাফ হোসেন। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগে কর্মরত মোট ৫০ জন কর্মকর্তা ও কর্মচারীকে বিভিন্ন ক্যাটাগরিতে এই সম্মানজনক পদকে ভূষিত করা হয়।

২০২৪ সালে সেবামূলক কাজে বিশেষ অবদান রাখা এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানে অকুতোভয় ভূমিকা রাখায় রাষ্ট্রের এই সর্বোচ্চ পদকের তালিকায় ঠাঁই করে নিয়েছেন তিনি।

বর্তমানে তিনি কিশোরগঞ্জের ইটনা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত রয়েছেন।আশরাফ হোসেনের এই সাফল্যের শিকড় মিশে আছে নেত্রকোনার মাটি ও মানুষের সাথে।

তিনি মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের বাসিন্দা। তার বাবা সাবেক পুলিশ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন এবং মা সাহেদা আক্তার। ২০১২ সালের ৪ ডিসেম্বর দেশসেবার ব্রত নিয়ে তিনি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগে যোগদান করেন। যোগদানের পর থেকেই বিভিন্ন দুর্যোগ ও অগ্নিদুর্ঘটনায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের প্রাণ ও সম্পদ রক্ষায় কাজ করে আসছেন তিনি। তার এই রাষ্ট্রীয় সম্মাননা প্রাপ্তিতে পুরো এলাকা ও তার সহকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে।

ইটনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মুশফিকুর রহমান এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানান, আশরাফ হোসেনের এই রাষ্ট্রীয় পদক প্রাপ্তি তাদের পুরো ইউনিটের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এটি কেবল একজন ব্যক্তির অর্জন নয়, বরং পুরো বাহিনীর নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের প্রতিফলন। এমন সম্মাননা ভবিষ্যতে অন্যান্য ফায়ার ফাইটারদেরও সেবামূলক কাজে আরও অনুপ্রাণিত করবে। তার এমন অনন্য অর্জনে মদন উপজেলাসহ পুরো নেত্রকোনা জেলা আজ গর্ববোধ করছে।