শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

গাইবান্ধায় জামায়তের প্রার্থীসহ ৮ জনের মনোনয়ন বাতিল

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২, ২০২৬, ০৪:০৬ পিএম

গাইবান্ধায় জামায়তের প্রার্থীসহ ৮ জনের মনোনয়ন বাতিল

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাইবান্ধার ৫টি আসনের মধ্যে ২টির মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে এই কার্যক্রম পরিচালিত হয়।

গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা যাচাই-বাছাই শেষে ফলাফল ঘোষণা করেন।

এতে দেখা যায়, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) এবং গাইবান্ধা-২ (সদর) আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, যার মধ্যে ৮ জনের মনোনয়ন বিভিন্ন কারণে বাতিল বলে গণ্য করা হয়েছে।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমান। তিনি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। এছাড়া সমর্থনকারী ভোটারের তথ্যে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মোছা. সালমা আক্তার ও মো. মোস্তফা মহসিনের মনোনয়ন বাতিল হয়েছে। দলীয় মনোনয়ন সঠিক না হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রমজান আলী এবং জাতীয় পার্টির প্রার্থী মো. মাহফুজুল হক সরদারের আবেদনও নাকচ করে দেন রিটার্নিং কর্মকর্তা।

সুন্দরগঞ্জ আসনে মোট ৫ জন প্রার্থী নির্বাচনের দৌড় থেকে প্রাথমিকভাবে ছিটকে পড়লেন।অন্যদিকে গাইবান্ধা-২ (সদর) আসনে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এখানে দলীয় মনোনয়নপত্রের ত্রুটির কারণে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মিহির কুমার ঘোষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল মাজেদের মনোনয়ন বাতিল করা হয়।

এছাড়া হলফনামায় স্বাক্ষর না থাকায় খেলাফত মজলিসের প্রার্থী এ কে এম গোলাম আযমের মনোনয়নপত্রও বাতিল বলে ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের ফলে আপাতত এই দুই আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। তবে সংক্ষুব্ধ প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।